TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

এশিয়াজুড়ে জেন-জি বিক্ষোভঃ ক্ষোভের কেন্দ্রে দুর্নীতি ও বেকারত্ব

এশিয়ার বিভিন্ন দেশে দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে রাজপথে নামছে তরুণ প্রজন্ম। থাইল্যান্ড থেকে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়ছে জেন-জি বা নতুন প্রজন্মের এই আন্দোলন। সরকারি সিদ্ধান্ত গ্রহণে তরুণদের উপেক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এসব বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মের তরুণরা দুর্নীতি, বেকারত্ব, শিক্ষা, অর্থনৈতিক বৈষম্য এবং নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গণতন্ত্র স্মৃতিস্তম্ভে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও তরুণ অধিকারকর্মীরা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় স্টুডেম নেটওয়ার্ক ও ফ্রি থাই ইয়ুথসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থায় সংস্কার, গণতান্ত্রিক অধিকার এবং নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, থাইল্যান্ডে মানসম্মত মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা এখনো অনেকাংশে পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভরশীল। অন্যদিকে, শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের ঋণের বোঝা ও অনিশ্চিত কর্মসংস্থানের মুখোমুখি হতে হচ্ছে।

স্টুডেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে অধিকতর গণতান্ত্রিক স্বাধীনতা, নীতিনির্ধারণে তরুণদের কার্যকর অংশগ্রহণ এবং বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া।

সংগঠনটির বক্তব্য, তারা শুধু বিদ্যমান ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা করে টিকে থাকার মতো শিক্ষা চায় না; বরং যে শিক্ষা মানুষকে প্রশ্ন করতে, সমালোচনা করতে এবং নিপীড়নমূলক সামাজিক কাঠামো পরিবর্তনে ভূমিকা রাখতে শেখাবে, সেটিই তাদের প্রত্যাশা।

বিক্ষোভে বাধ্যতামূলক সামরিক নিয়োগ, অভিবাসী শ্রমিকদের প্রতি বৈষম্য এবং থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল শনিবার বলেছেন, আইন মেনে বিক্ষোভ হলে তার সরকার আন্দোলনকারীদের দাবি শুনতে প্রস্তুত। যেসব প্রস্তাব বাস্তবায়নযোগ্য, সেগুলো সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।

ভারতে চাকরির সংকট, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে তরুণদের ক্ষোভ থেকে গড়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি আন্দোলন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে আন্দোলনটির সূচনা হয়। পরে এটি দেশজুড়ে বড় প্রতিবাদী কর্মসূচিতে রূপ নেয়।

আন্দোলনকারীরা পরীক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ হয়েছে। বিরোধী দল ও আন্দোলনকারীদের অভিযোগ, এই উদ্যোগ ক্ষমতাসীন বিজেপির পক্ষে নির্বাচনী পরিস্থিতি প্রভাবিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

নেপালে ২০২৫ সালের সেপ্টেম্বরে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জেন-জি আন্দোলন শুরু হয়। পরে দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব ও দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়।

এই আন্দোলনের মুখে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

তবে সরকার পরিবর্তনের পরও আন্দোলনকারীদের অসন্তোষ দূর হয়নি। ২০২৬ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্ত এবং বিক্ষোভে নিহত ও আহতদের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তী প্রশাসনের ব্যর্থতা নিয়ে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে।

সংবাদ সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের আন্দোলন দমনে ৭৬ জন নিহত এবং ২ হাজার ৩০০ জনের বেশি আহত হন।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পেছনেও তরুণদের নেতৃত্বাধীন আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবেদনে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তানেও তরুণদের আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ায় দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানো এবং সংসদ সদস্যদের অতিরিক্ত ভাতা নিয়ে ক্ষোভ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গত ১০ নভেম্বর দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী ও অধিকারকর্মীরা দুর্নীতি, পরিবেশ ধ্বংস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর পদত্যাগও দাবি করেন।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ইয়োগিয়াকার্তায় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী রাবার বুলেট, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আহত হন এবং শিশুসহ ১৫০ জনের বেশি মানুষকে আটক করা হয়। অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

দেশভেদে রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের তাৎক্ষণিক কারণ আলাদা হলেও কয়েকটি বিষয়ে মিল রয়েছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানের অনিশ্চয়তা, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণের অভাব।

২৯ অক্টোবর প্রকাশিত রয়টার্সের এক বিশ্লেষণেও দুর্বল শিক্ষাব্যবস্থা, সীমিত কর্মসংস্থান, জীবনযাত্রার ব্যয় এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকটকে জেন-জি আন্দোলনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এসব আন্দোলন সংগঠিত করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। অনলাইন প্রচারণা, ব্যঙ্গাত্মক স্লোগান এবং অভিনব প্রতীক ব্যবহার করে তরুণরা দ্রুত নিজেদের দাবি ছড়িয়ে দিতে পারছে।

তবে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হচ্ছে না। নেপালের অভিজ্ঞতা দেখিয়েছে, সরকার পতনের পর আন্দোলনকারীদের মধ্যে ঐক্য ধরে রাখা এবং প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন করা কঠিন।

থাইল্যান্ডের আন্দোলনকর্মী তিরাপাতের মতে, তরুণরা শুধু সরকার পরিবর্তন চায় না; তারা নিজেদের জীবনের বাস্তব সমস্যাগুলোর কার্যকর সমাধান চায়। তার ভাষায়, ‘আমরাই দেশের বর্তমান, আর একসঙ্গে আমরাই এর ভবিষ্যৎ গড়ে তুলব।’

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

আলোচনা শুরুর আগেই ইরানকে যে কঠোর হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র

আবারও এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বাতিল, উড়োজাহাজ হতে ফেরত নামানো হয় যাত্রীদের

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত অন্তত ৪০