TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তি দাবি জোরদার

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে। তার ছেলে দাবি করেছেন, আটক চিকিৎসককে একাকী কারাবাসে রাখা হয়েছে এবং নিয়মিত প্রহার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। তবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে উত্তর গাজায় তীব্র বোমাবর্ষণ ও অবরোধের মধ্যেও হাসপাতাল চালু রাখার জন্য ডা. হুসাম ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে ইসরায়েলি বাহিনী তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সন্দেহে আটক করে। সর্বশেষ আদালতে ভিডিও সংযোগে হাজির হয়ে তিনি মুক্তির আবেদন জানালেও তা খারিজ হয়; কর্তৃপক্ষের ভাষ্য, সিদ্ধান্তটি গোপনীয় প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়েছে।

এদিকে জাতিসংঘ তার অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়ে বলেছে, চিকিৎসাসেবা প্রদান কোনো অপরাধ হতে পারে না। একই সঙ্গে মানবাধিকারকর্মীদের একটি সংগঠন অভিযোগ করেছে যে গাজা থেকে আটক আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি চিকিৎসককে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।

ডা. হুসামের পরিবারের দাবি, তিনি কেবল একজন মানবিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের অবস্থান হলো, তার আটকাদেশ নিরাপত্তাজনিত বিবেচনার ভিত্তিতে বহাল রাখা হয়েছে।

সূত্রঃ আইটিভি ডট কম

এম.কে

আরো পড়ুন

মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

নেতানিয়াহু জার্মানিতে গেলে আইসিসির পরোয়ানা কার্যকরের বাধ্যবাধকতাঃ ইসরায়েলের ক্ষোভ

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা ঘিরে উত্তেজনাঃ হিজবুল্লাহ অস্বীকার