যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড় ‘স্টর্ম ডেভ’ আঘাত হানার আশঙ্কায় আবহাওয়া বিভাগ অ্যাম্বার স্তরের সতর্কতা জারি করেছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সতর্কতা রবিবার ভোর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, উত্তর ইংল্যান্ড, উত্তর-পশ্চিম ওয়েলস এবং দক্ষিণ স্কটল্যান্ডে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঝড় “ব্যাঘাতমূলক এবং সম্ভাব্য ক্ষতিকর” প্রবল বাতাস নিয়ে আসবে, যা জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে উড়ন্ত বস্তু থেকে আহত হওয়ার ঝুঁকি রয়েছে, এমনকি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি সড়ক, রেল ও বিমান যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার বিকেল থেকেই দেশজুড়ে একাধিক ইয়েলো স্তরের সতর্কতা কার্যকর হচ্ছে। এতে তীব্র বাতাসের পাশাপাশি কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল বেগে বাতাস বইতে পারে, আর উপকূলীয় ও উন্মুক্ত এলাকায় তা ৮০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। স্কটল্যান্ডের কিছু অংশে সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে এবং প্রবল বাতাসের কারণে তুষারঝড়ের আশঙ্কাও রয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। বাড়ির বাইরে থাকা ঢিলা জিনিসপত্র নিরাপদে বেঁধে রাখারও আহ্বান জানানো হয়েছে।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বিশেষ করে উঁচু ও উন্মুক্ত সড়কে চলাচলের সময় এবং বড় যানবাহনকে অতিক্রম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
আবহাওয়াবিদদের মতে, স্টর্ম ডেভ শনিবার রাতের মধ্যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে পুরো যুক্তরাজ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে আনবে। নিম্নচাপটি উত্তরাঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হওয়ায় বিভিন্ন এলাকায় ভিন্ন সময়ে বাতাসের তীব্রতা সর্বোচ্চে পৌঁছাবে।
রেল ও সড়ক কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে এবং আগেভাগে পরিকল্পনা করে যাত্রা করার আহ্বান জানিয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং ইস্টার সোমবার তুলনামূলক শান্ত আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এটি দ্বিতীয় বড় ঝড়। এর আগে জানুয়ারিতে আঘাত হানা ‘স্টর্ম চান্দ্রা’ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও তুষারপাত ঘটিয়েছিল।
সূত্রঃ বিবিসি
এম.কে

