রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর প্রতিশোধ হিসেবে বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে।
সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির কর্মীরা তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি তা দিতে রাজি না হওয়ায় প্রতিশোধমূলকভাবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে তিনি বিএনপির কর্মীদের উদ্দেশে কথা বলতে দেখা যায়। ভিডিওতে চাঁদাবাজির অভিযোগ তুলে তাদের সমালোচনা করেন এবং শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশেও বক্তব্য রাখেন।
স্টুডিওর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। পরিস্থিতি দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নিলে সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। ওই কর্মকর্তা আরও অভিযোগ করেন, স্টুডিওতে থাকা প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও হামলাকারীরা নিয়ে গেছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুই জনকে ছোরাসহ আটক করা হয়েছে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সূত্রঃ ইত্তেফাক \ স্যোশাল মিডিয়া
এমকে

