TV3 BANGLA
আন্তর্জাতিক

জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলনঃ গ্রেপ্তার ৩

জার্মান সরকারের ইসরায়েলপন্থী নীতির প্রতিবাদ এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা করে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন কয়েকজন অধিকারকর্মী। রোববার (৮ নভেম্বর) বার্লিনে এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্টের সামনে একটি পতাকাদণ্ডে থাকা জার্মানির জাতীয় পতাকা সরিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা টাঙানো হয়।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠনের কর্মীরা এ কর্মসূচি পালন করেন। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগের বিরুদ্ধে জার্মান রাজনীতিকদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

সংগঠনটির সদস্য অ্যারন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ফিলিস্তিনে গণহত্যার মতো অপরাধের বিষয়ে কোনো সরকার নীরব থাকলে, তা মেনে নিলে কিংবা সমর্থন করলে তারা জনগণের পক্ষে কাজ করছে না। বিশ্বের যেকোনো স্থানে গণহত্যা সংঘটিত হলে তার প্রভাব সবার ওপর পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

অ্যারন আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ বন্ধে সবার দায়িত্ব রয়েছে। ‘কখনো আর নয়’—এই অঙ্গীকারের অর্থ কী, যদি মানুষ আবারও এমন অপরাধ ঘটতে দেখে নীরব থাকে? আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মূল্যই বা কী, যদি সরকারগুলো নিজেরাই তা মেনে না চলে?—এমন প্রশ্নও তোলেন তিনি।

এদিকে, বার্লিন পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীককে অবমাননার সন্দেহে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংগঠনটি আগামী দিনগুলোতে জার্মান সরকারের নীতির বিরুদ্ধে আরও বিক্ষোভের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিও জানিয়েছে তারা। জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ এবং বার্লিনে তাদের কারখানা বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

সূত্রঃ মিডল ইস্ট মনিটর

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা করবে না ইরান

গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তি দাবি জোরদার

মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের, আশঙ্কা বোনের

নিউজ ডেস্ক