19.5 C
London
September 27, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদঃ ‘অপরচুনিটি কার্ডে’ আবেদনের সুযোগ

জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য প্রায় ৬ লাখ ৫০ হাজার শূন্য পদ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) মোট প্রায় ৩০ লাখ শূন্য পদের মধ্যে জার্মানিতেই রয়েছে এর প্রায় ২৫ শতাংশ।

সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড চ্যাটে এ তথ্য জানান ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান। তার মতে, জার্মানিতে দক্ষ পেশাজীবীদের চাহিদা বর্তমানে উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

ইইউ-বহির্ভূত দেশের নাগরিকদের জন্য জার্মানিতে চাকরি খোঁজার একটি সুযোগ হলো ‘অপরচুনিটি কার্ড’। আগে থেকেই চাকরির চুক্তি না থাকলেও নির্দিষ্ট যোগ্যতা পূরণ করে এই কার্ডের মাধ্যমে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজা যায়।

অপরচুনিটি কার্ড সাধারণত সর্বোচ্চ ১২ মাসের জন্য জার্মানিতে অবস্থান করে চাকরি খোঁজার সুযোগ দেয়। এ সময়ে নির্দিষ্ট শর্তের মধ্যে খণ্ডকালীন কাজ করারও সুযোগ রয়েছে।

ক্লিন্ট খান বলেন, জার্মানিতে গিয়ে কেউ উপযুক্ত পূর্ণকালীন চাকরি পেলে এবং নিয়োগকর্তা স্পন্সর করতে রাজি হলে পরবর্তী সময়ে নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে পরিবর্তনের সুযোগ রয়েছে।

অপরচুনিটি কার্ডের জন্য আবেদনকারীরা মূলত দুইভাবে যোগ্যতা অর্জন করতে পারেন। জার্মানিতে স্বীকৃত বিদেশি শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা থাকা দক্ষ কর্মীরা একটি পথের মাধ্যমে আবেদন করতে পারেন। অন্যদিকে, নির্দিষ্ট শর্ত পূরণ করে পয়েন্টভিত্তিক ব্যবস্থার মাধ্যমেও আবেদন করা যায়।

পয়েন্টভিত্তিক আবেদনের ক্ষেত্রে স্বীকৃত একাডেমিক বা ভোকেশনাল যোগ্যতা, নিজের খরচ চালানোর মতো পর্যাপ্ত অর্থ এবং নির্ধারিত পয়েন্ট প্রয়োজন। পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষাগত দক্ষতার মতো বিষয় বিবেচনায় পয়েন্ট দেওয়া হয়।

জার্মানিতে উপযুক্ত চাকরির অফার নিশ্চিত করতে পারা উচ্চশিক্ষিত দক্ষ কর্মীদের জন্য আরেকটি পথ হলো ইইউ ব্লু কার্ড। তবে এ ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা এবং বেতনের শর্ত পূরণ করে উপযুক্ত চাকরির অফার থাকতে হয়।

ক্লিন্ট খানের দেওয়া তথ্য অনুযায়ী, ব্লু কার্ড স্থায়ীভাবে বসবাসের অনুমতির পথও সহজ করতে পারে। বিদ্যমান নিয়মে নির্দিষ্ট শর্ত পূরণ করলে ব্লু কার্ডধারীরা ২৭ মাস পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য যোগ্য হতে পারেন।

জার্মান ভাষায় বি-১ পর্যায়ের দক্ষতা থাকলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সময় কমে ২১ মাস হতে পারে।

তবে অপরচুনিটি কার্ড বা ব্লু কার্ড—কোনোটিই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেয় না। আবেদনকারীর যোগ্যতা, চাকরি, আয়, ভাষাগত দক্ষতা এবং সংশ্লিষ্ট অভিবাসন বিধির শর্ত পূরণ করতে হয়।

সূত্রঃ গালফ নিউজ

এমকে

আরো পড়ুন

‘আপনি ইংরেজি শিখলেন কোথায়?’— লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন

আরবদের বয়কটে মার্কিন প্রতিষ্ঠানে ধস

টার্মিনেটর হতে অবসরের ঘোষণা আর্নল্ড শোয়ার্জনেগারের

নিউজ ডেস্ক