12.3 C
London
October 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টাওয়ার হ্যামলেটসে অবৈধ রাস্তার ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থাঃ জরিমানা ও সতর্কবার্তা

লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ঐতিহ্যবাহী কলাম্বিয়া মার্কেট এলাকায় অবৈধভাবে রাস্তার ওপর ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কাউন্সিল। মার্কেট ইন্সপেক্টরের নির্দেশ অমান্য করায় ঘটনাস্থলে এনফোর্সমেন্ট কর্মকর্তা ও পুলিশ টাস্কফোর্সকে ডাকা হয়। পরে ওই ব্যক্তিকে আর্থিক জরিমানা করার পাশাপাশি অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) সতর্কবার্তা দেওয়া হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, দায়িত্ব পালনকালে কলাম্বিয়া মার্কেটের একজন মার্কেট ইন্সপেক্টর অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ওই ব্যক্তিকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টাওয়ার হ্যামলেটসের এনফোর্সমেন্ট কর্মকর্তা ও পুলিশ টাস্কফোর্সকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

টাওয়ার হ্যামলেটসের ঐতিহ্যবাহী বাজারগুলো স্থানীয় বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যে কেনাকাটার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব বাজারে বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অবৈধ ব্যবসার বিরুদ্ধে তদারকি জোরদার করেছে কাউন্সিল।

কাউন্সিলের অবস্থান অনুযায়ী, অনুমোদন ছাড়া রাস্তার ওপর ব্যবসা পরিচালনা বৈধ ব্যবসায়ীদের জন্য অন্যায্য প্রতিযোগিতা তৈরি করতে পারে। একই সঙ্গে অবৈধভাবে পণ্য বিক্রির কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কাও থাকে। এ কারণে বাজার ও জনসাধারণের ব্যবহৃত স্থানগুলোতে নিয়মিত নজরদারি এবং আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এনফোর্সমেন্ট টিম ও পুলিশের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারীদের স্বার্থ রক্ষায় কাউন্সিল কাজ করবে। অন্যদিকে, অবৈধ ব্যবসা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের কোথাও অবৈধ ব্যবসা কিংবা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী কার্যকলাপ চোখে পড়লে কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে নারীকে দাসত্বে বাধ্য করার অপরাধে জাতিসংঘের বিচারক কারাগারে

ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধে যুক্তরাজ্যের ৬০ এমপি ও লর্ডের একযোগে চিঠি

পাসপোর্টসহ মার্কিন নথি জালিয়াতি করে ৩৫ কোটি টাকা হাতিয়েছেন বাংলাদেশি যুবক