জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন।
নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত ওই নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এবং জুবাইদা রহমানের সঙ্গে মেলানিয়া ট্রাম্পের সাক্ষাৎ হয়।
নৈশভোজের আয়োজনের বাইরে জুবাইদা রহমান ও মেলানিয়া ট্রাম্পের সাক্ষাৎ এবং তাদের ফটোশুটও বিশেষভাবে আলোচনায় আসে। দুজনকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এই সাক্ষাৎ ও ফটোশুটও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আলাদা আগ্রহ তৈরি করেছে।
এর আগে তারেক রহমান ও জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি প্রাতরাশ অনুষ্ঠানেও অংশ নেন।
এবারের সফরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশগ্রহণ।
সফরকালে জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
তারেক রহমানের জাতিসংঘে এবারের বক্তব্যের মধ্য দিয়ে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার ঘটনাও ঘটতে যাচ্ছে। এর আগে তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর তারেক রহমানের নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।
সূত্রঃ বাসস \ টিবিএস \ ইউএনবি
এমকে

