ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীর উপহার গ্রহণকে ঘুষ নয় বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার ও প্রকৌশলীদের সম্পর্ক এবং দুর্নীতি প্রতিরোধের নৈতিকতা নিয়ে তার বক্তব্য নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না। তার ভাষ্য, কাজের মান খারাপ করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে ভাগাভাগি করা অনৈতিক হলেও ঠিকাদারের স্বেচ্ছায় দেওয়া উপহার গ্রহণ করা যেতে পারে।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর সরকারি প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে কর্মকর্তাদের আর্থিক ও ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা নিয়ে বিতর্ক তৈরি হয়। সরকারি কাজের দায়িত্বে থাকা প্রকৌশলীদের ক্ষেত্রে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ কতটা গ্রহণযোগ্য এবং এ ধরনের উপহার ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল হয়েছে। ইশরাকের মতে, জনগণের করের অর্থে নির্মিত উন্নয়নকাজের গুণগত মান নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ হলেও উপহার হিসেবে হোক কিংবা অন্য নামে—ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
ইশরাক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অবস্থান হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। বিষয়টিকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রচারেরও আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়টি। সরকারি প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পর্ক স্বচ্ছ ও নিরপেক্ষ থাকা জরুরি। সেখানে উপহার গ্রহণের অনুমোদনযোগ্যতা নিয়ে এমন মন্তব্য সরকারি কাজে স্বার্থের সংঘাত ও দুর্নীতির ঝুঁকি সম্পর্কে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
যদিও প্রতিমন্ত্রী কাজের গুণগত মান বজায় রাখা এবং উন্নয়ন প্রকল্পে অনিয়ম না করার বিষয়ে নবীন প্রকৌশলীদের সতর্ক করেছেন, তবু তার উপহারসংক্রান্ত বক্তব্যের কারণে সততা ও জবাবদিহির প্রশ্নটি সামনে এসেছে। সরকারি দায়িত্ব পালনকালে উপহার গ্রহণের সীমা কোথায় এবং কোন পরিস্থিতিতে তা দুর্নীতির অভিযোগে পরিণত হতে পারে—এ বিষয়ে স্পষ্ট অবস্থান ও নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা বাড়ছে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
এমকে

