TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকাকে দিল্লি বানিয়ে অনলাইনে ‘ভারতের দুর্দশা’ বিক্রি করছেন চীনা ভ্লগাররাঃ ভারতের আপত্তি

ঢাকার নিম্নআয়ের মানুষের বসতি ও সরু গলিতে ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে একদল চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি দেশের বাস্তব চিত্র বিকৃতভাবে তুলে ধরার এমন প্রচেষ্টা দুঃখজনক। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ভারতের নজরে এসেছে। তার বক্তব্য, ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি হিসেবে দেখিয়ে বিদেশি দর্শকদের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের প্রচারণা শুধু ভিডিও নির্মাতাদের নয়, এর পেছনে যারা রয়েছে তাদের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে।

বাংলাদেশের প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর ও পাশের টেকপাড়া এলাকায় কয়েক মাস ধরে চীনা নাগরিকদের ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচারের কার্যক্রম চলছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এ কাজে ১৫০ জনের বেশি চীনা নাগরিক যুক্ত রয়েছেন। তারা সরু গলি ও ঘিঞ্জি বসতিতে দুইটি মোবাইল ফোন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও করেন। এসব ভিডিওর কিছুতে ঢাকার জায়গাগুলোকে নয়াদিল্লির এলাকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ নভেম্বর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি খালের পাশে লাইভ সম্প্রচারের সময় ‘মিয়ানমিয়ান’ নামে পরিচয় দেওয়া এক চীনা নারী জায়গাটিকে নয়াদিল্লি বলে দাবি করেন। তিনি সেখানকার ঘরবাড়িকে নোংরা, অপরিচ্ছন্ন ও অনুন্নত হিসেবে বর্ণনা করেন। টিনের ঘরে পাখা নেই বলেও মন্তব্য করেন। অথচ ভিডিওটি ধারণ করা হচ্ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়।

আরেকটি ঘটনায় ‘ওয়াং ওয়েই’ নামে পরিচিত এক চীনা নাগরিককে টেকপাড়ার চায়ের দোকানে ভিডিও ধারণ করতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি স্থানীয়দের চা নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। চায়ের সঙ্গে গরুর মূত্রের তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগও এসেছে। এসব ভিডিওতে শুধু দারিদ্র্য নয়, ভারতের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়েছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

ভিডিও ধারণের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথম আলোর প্রতিবেদনে ‘ফাংইউ’ নামে এক চীনা নাগরিক বলেছেন, তারা উইচ্যাটে পণ্য প্রচারের অংশ হিসেবে লাইভ করেন। স্থানীয় এক বাংলাদেশি নারী রিতু আক্তার জানিয়েছেন, তিনি চীনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করেন। তাদের ভিডিও ডৌইনসহ চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে ঢাকার দরিদ্র এলাকাগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে এবং সেগুলোকে দিল্লি বলে পরিচয় করিয়ে দেওয়ার কারণ কী—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিডিও ধারণের সময় কিছু ব্যক্তি অনুমতি ছাড়াই বাড়ির ভেতরে প্রবেশ করছেন। এমনকি ঘরের ব্যক্তিগত জায়গা ও বাথরুমেও ক্যামেরা নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে। এতে বাসিন্দাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই জানেন না, তাদের বাড়িঘর ও দৈনন্দিন জীবন ধারণ করা ভিডিও কোন প্ল্যাটফর্মে প্রকাশ করা হচ্ছে কিংবা দর্শকদের কাছে কীভাবে উপস্থাপন করা হচ্ছে।

প্রথম আলোর প্রতিবেদনে স্থানীয়দের বরাতে আরও বলা হয়, এসব ভিডিও তৈরিতে কিছু বাংলাদেশি নাগরিকও সহায়তা করছেন। তারা গাইড হিসেবে কাজ করছেন এবং চীনা ভিডিও নির্মাতাদের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন। তবে এ কাজে কারা যুক্ত, তাদের সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছে কিংবা ভিডিওগুলোর পেছনে কোনো সংগঠিত অর্থায়ন রয়েছে কি না—তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি দেশকে হেয় করার চেষ্টা উভয় দেশের জন্যই দুর্ভাগ্যজনক। তার মতে, এ ধরনের মিথ্যা বয়ান প্রচারকারীরা নিজেদের পাশাপাশি যারা তাদের পেছনে রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ভারত আনুষ্ঠানিকভাবে চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে কি না—সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে জয়সওয়াল সরাসরি উত্তর দেননি। তিনি বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়াদিল্লি বাংলাদেশ ও বেইজিং—উভয় দেশের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন ভারত ও চীন ২০২৪ সালের অক্টোবরে লাদাখের দীর্ঘ সামরিক অচলাবস্থা নিরসনে সমঝোতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। চার বছরের বেশি সময় ধরে চলা ওই সামরিক উত্তেজনায় দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছিল।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস\দ্য প্রিন্ট

এমকে

আরো পড়ুন

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

২ কোটিতে ভিসি পদ বিক্রি করতেন দীপু মনি

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবেঃ নাহিদ ইসলাম