TV3 BANGLA
বাংলাদেশ

তদবিরে বদলির আদেশ পাল্টে দিলেন আনসার মহাপরিচালকঃ পদে বহাল মেজর জেনারেল সাজ্জাদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বদলির আদেশ পরিবর্তন নিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় ও অসন্তোষ তৈরি হয়েছে। ১৫ নভেম্বর জারি করা বদলির আদেশে পরিবর্তন এনে তাকে আনসারের মহাপরিচালক পদে বহাল রাখা হয়েছে। একই সঙ্গে তার স্থলে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

প্রাথমিক বদলির আদেশ অনুযায়ী, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসারের মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার পাশাপাশি বিপসটের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়।

একই আদেশে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ফলে আদেশ কার্যকর হলে আনসারের নেতৃত্বে পরিবর্তন আসার কথা ছিল।

তবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। অভিযোগ উঠেছে, বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও তদবিরের মাধ্যমে নিজের বদলির আদেশ পরিবর্তন করাতে সক্ষম হয়েছেন মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আগের পদেই বহাল থাকছেন। অন্যদিকে, নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বিপসটের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঘটনাটি নিয়ে সেনাবাহিনীর মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের একাধিক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন বলে জানা গেছে। তাদের উদ্বেগ, সামরিক বাহিনীতে বদলি ও পদায়নের মতো প্রশাসনিক সিদ্ধান্ত ব্যক্তিগত তদবিরের মাধ্যমে পরিবর্তনের সুযোগ তৈরি হলে বাহিনীর প্রচলিত শৃঙ্খলা ও কমান্ড কাঠামো প্রশ্নের মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সেনাবাহিনীতে পদায়ন ও বদলির সিদ্ধান্ত একটি নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ে থাকে। সেখানে ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের দৃষ্টান্ত তৈরি হলে অন্য কর্মকর্তাদের মধ্যেও একই ধরনের প্রত্যাশা তৈরি হতে পারে। বিশেষ করে জ্যেষ্ঠ পদমর্যাদার একজন কর্মকর্তা নিজের বদলি ঠেকাতে সক্ষম হলে অধস্তন কর্মকর্তাদের কাছে তা ভুল বার্তা পৌঁছাতে পারে।

তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা ভবিষ্যতে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন, নেতৃত্বের কর্তৃত্ব এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

তবে বদলির আদেশ পরিবর্তনের পেছনে ঠিক কী কারণ ছিল, কারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা কী—তা এখনো স্পষ্ট নয়। তদবিরের অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছেঃ আইএমএফ

বয়কটের হুমকিতে টরেন্টোর ‘বেগমপাড়া’র বাসিন্দারা

ভারতে যাওয়ার পথে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার