30.7 C
London
August 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তাপপ্রবাহে বিপদ বাড়াতে পারে ৩ পানীয়ঃ ব্রিটিশদের সতর্ক করল এনএইচএস

যুক্তরাজ্যে আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ায় জনসাধারণকে তিন ধরনের পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। চলতি গ্রীষ্মে এটি দেশটিতে পঞ্চম তাপপ্রবাহ। আগামী কয়েক দিনে কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এর পাশাপাশি শরীর অতিরিক্ত গরম হয়ে তাপজনিত ক্লান্তি এমনকি হিটস্ট্রোকও হতে পারে। তাই তাপপ্রবাহের সময় শরীর ঠান্ডা রাখা এবং নিয়মিত পর্যাপ্ত তরল গ্রহণ করা জরুরি।

এ অবস্থায় অ্যালকোহল, ক্যাফেইনযুক্ত পানীয় এবং গরম পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এসবের পরিবর্তে নিয়মিত ঠান্ডা পানি ও অন্যান্য উপযুক্ত তরল পান করতে বলা হয়েছে। বিশেষ করে তৃষ্ণা পাওয়ার পর পানি পান করার অপেক্ষা না করে নিয়মিত পানি পান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে পর্যাপ্ত তরল গ্রহণ করতে হবে। তবে বমি বমি ভাব বা বমি হলে একসঙ্গে বেশি পানি পান না করে অল্প অল্প করে পান শুরু করে ধীরে ধীরে পরিমাণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাফেইনযুক্ত পানীয় ও অ্যালকোহল এড়িয়ে চলার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

তীব্র গরম থেকে শরীরকে সুরক্ষিত রাখতে দিনের সবচেয়ে গরম সময়ে সরাসরি রোদ এড়িয়ে চলা, সম্ভব হলে ছায়ায় থাকা এবং হালকা ও ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঠান্ডা পানিতে গোসল করা অথবা শরীর ও কাপড়ে ঠান্ডা পানি ব্যবহার করেও শরীরের তাপমাত্রা কমিয়ে রাখা যেতে পারে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং মিডল্যান্ডসের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরমের জন্য অ্যাম্বার সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি পৌঁছাতে পারে।

আবহাওয়া দপ্তরের প্রধান পূর্বাভাস কর্মকর্তা ক্রিস বুলমার জানিয়েছেন, এবারের তীব্র গরম সাম্প্রতিক কয়েকটি তাপপ্রবাহের তুলনায় অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী হতে পারে। তবে ৩০ ডিগ্রির মাঝামাঝি তাপমাত্রাও মানুষের স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা উষ্ণ বাতাস ইউরোপের গরম আবহাওয়ার প্রভাব যুক্তরাজ্যে নিয়ে আসছে। একই সময়ে উচ্চচাপের প্রভাবে তাপমাত্রা প্রতিদিন বাড়ছে। দীর্ঘ সময় ধরে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন এলাকায় খরা পরিস্থিতি ও দাবানলের ঝুঁকিও বাড়ছে।

তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি পানিতে দুর্ঘটনা এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থাও তাপজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।

ব্রিটিশ রেড ক্রসের জলবায়ু ও প্রাথমিক চিকিৎসা বিশেষজ্ঞ উইলিয়াম স্পেন্সার জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে মানুষ গরম আবহাওয়ার সঙ্গে বেশি পরিচিত হলেও তীব্র গরম এখনো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে গরম ও শুষ্ক আবহাওয়া চলার পর অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।

তিনি সূর্যের তীব্র তাপ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার, প্রচুর তরল পান, ছায়ায় অবস্থান এবং দিনের সবচেয়ে গরম সময়ে নিয়মিত বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাপজনিত ক্লান্তি ও হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা বয়স্ক ব্যক্তি, ছোট শিশু এবং অতিরিক্ত গরমে তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দিয়েছেন। তাপপ্রবাহের সময় তাদের পর্যাপ্ত পানি পান করানো, ঠান্ডা পরিবেশে রাখা এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

তীব্র গরমের মধ্যে স্বাস্থ্যঝুঁকি কমাতে তাই নিয়মিত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং অ্যালকোহল, ক্যাফেইনযুক্ত ও গরম পানীয় থেকে দূরে থাকার পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এনএইচএসের সতর্কতা অনুযায়ী, সামান্য অসতর্কতাও প্রচণ্ড গরমের সময় গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

সূত্রঃ ডেইলি মিরর

এম.কে

আরো পড়ুন

রান্নার তেল বিক্রি সীমিত করছে ব্রিটিশ সুপারমার্কেটগুলো

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী দূর্নীতিবাজদের ৪০০ মিলিয়নের ইউকে সাম্রাজ্যের খোঁজ

শিশুশরণার্থীদের বয়স নির্ধারণে এআই প্রযুক্তি আনছে যুক্তরাজ্য