TV3 BANGLA
আন্তর্জাতিক

তুরস্কের হোটেল থেকে ইরানি জেনারেলকে অপহরণঃ হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ইরানের দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন এবং একজনকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। নিখোঁজ ইসরাইলি পাইলট রন আরাদের ভাগ্যে কী ঘটেছিল, তা উদঘাটনের অভিযানের অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে তুরস্কের ইস্তাম্বুল থেকে ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আসগারিকে অপহরণ করা হয়। কয়েক সপ্তাহ ধরে নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়েছিল বলে ইসরাইলি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৮৬ সালে লেবাননে একটি সামরিক অভিযানের সময় ইসরাইলি বিমানবাহিনীর পাইলট রন আরাদের যুদ্ধবিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। তার পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়ায় কয়েক দশক ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছে ইসরাইল। এই অনুসন্ধানকে কেন্দ্র করে ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরাইলের কাছে নিখোঁজ সেনাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি দীর্ঘদিনের জাতীয় ও ধর্মীয় অঙ্গীকারের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। রন আরাদকে উদ্ধারের অভিযানও সেই অঙ্গীকারের ধারাবাহিকতা হিসেবে পরিচালিত হয়েছে। তবে তাকে খুঁজতে গিয়ে বিভিন্ন দেশের নাগরিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালানোর অভিযোগ এখন নতুন করে আলোচনায় এসেছে।

নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে যান। তিনি তাকসিম এলাকার কাছে সিলান হোটেলে অবস্থান করছিলেন। সেখানে পৌঁছানোর পরপরই তিনি নিখোঁজ হন।

তিন সাবেক মার্কিন কর্মকর্তার বক্তব্যের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে একটি নৌযানে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন। ইসরাইলি গোয়েন্দাদের ধারণা ছিল, রন আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে আসগারির কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদেও তার কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে সাবেক মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

আসগারির স্ত্রী জিবা আহমাদি নিউ ইয়র্ক টাইমসকে জানান, ইরানের নিজস্ব তদন্তে ধারণা করা হয়েছিল, ইসরাইলি এজেন্টরা হোটেলকক্ষে প্রবেশ করে আসগারিকে মাদক প্রয়োগের মাধ্যমে অচেতন করে অপহরণ করে। অপহরণে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি গাড়ি পরবর্তী সময়ে কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

আসগারি ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি আইআরজিসির কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে রহস্য হয়ে ছিল। একপর্যায়ে তার যুক্তরাষ্ট্রে চলে যাওয়া কিংবা পশ্চিমা গোয়েন্দাদের কাছে তথ্য দেওয়ার মতো নানা জল্পনা তৈরি হয়। তবে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানে তার মৃত্যুর বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইসরাইল অবশ্য আসগারিকে অপহরণ বা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেনি।

আসগারির ঘটনার প্রায় ১৫ বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আইআরজিসির জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণের অভিযোগ ওঠে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের একটি কূটনৈতিক এলাকায় সকালে দৌড়াতে বের হয়েছিলেন তিনি। আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ইসরাইলি গোয়েন্দা এজেন্টরা বাসা বদলের কাজে নিয়োজিত কর্মীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

সাবেরি একটি পার্কের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি বড় আকারের ফ্রিজের কার্টন নিয়ে তার সামনে হাজির হন। মুহূর্তের মধ্যে তারা তাকে আটক করে অচেতন করেন এবং কার্টনের ভেতরে ঢুকিয়ে একটি সাদা ভ্যানে তুলে নিয়ে যান। এরপর তাকে ইসরাইলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবেরি আইআরজিসির অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন এবং ইরানের আঞ্চলিক সামরিক কর্মকাণ্ড সম্পর্কে তার বিস্তর জ্ঞান ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদকারীদের মূল আগ্রহ ছিল রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনা। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয় বলে ইরানি কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। সেখানে তাকে ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছিল বলেও একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সাবেরিকে অপহরণের বিষয়ে তৎকালীন মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া পরবর্তী সময়ে রন আরাদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একটি দুঃসাহসিক অভিযান পরিচালনার অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছিলেন। তবে অভিযানটি সফল হয়নি বলে তিনি জানান।

রন আরাদের নিখোঁজ হওয়ার পর ইসরাইলের ধারণা ছিল, তাকে আটক করার পর ইরানের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ধারণার পেছনে লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন আমাল মুভমেন্টের সাবেক সদস্য মোস্তফা দিরানির দেওয়া তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

১৯৯৪ সালে ইসরাইলি কমান্ডোরা লেবানন থেকে দিরানিকে অপহরণ করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আরাদকে পূর্ব লেবাননের বেকা উপত্যকার নবী চিত গ্রামে একটি পরিবারের কাছে রাখা হয়েছিল। পরে ওই পরিবারের সদস্যরা ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে আরাদ নিখোঁজ হয়ে যান। দিরানি দাবি করেছিলেন, একজন ইরানি কর্মকর্তা তাকে জানিয়েছিলেন যে আইআরজিসি আরাদকে ইরানে নিয়ে গেছে। তবে নির্যাতনের মাধ্যমে আদায় করা এই বক্তব্যের সত্যতা নিয়ে তখন থেকেই প্রশ্ন ছিল।

অন্যদিকে, ইরান ও হিজবুল্লাহ যৌথভাবে আরাদের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে। তাদের অনুসন্ধানে ধারণা করা হয়, ১৯৮৮ সালে নবী চিত গ্রামেই আরাদের মৃত্যু হয়েছিল এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। সাবেক ইরানি প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি এই অনুসন্ধানের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের ফলাফল জার্মান মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তার এক সন্তানকে দায়িত্ব দিয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেতের ২০০৬ সালের একটি পর্যালোচনাতেও বলা হয়েছিল, আরাদকে ইরানে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। বরং লেবাননের নবী চিত এলাকাতেই তার পরিণতি সম্পর্কে তথ্য পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এসব মূল্যায়ন সত্ত্বেও মোসাদ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখে।

রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনা অনুসন্ধানে ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমাদ শুকরকেও অপহরণের অভিযোগ ওঠে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দেওয়ার কথা ভেবে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরাইলি এজেন্টরা তাকে অপহরণ করেছে। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরাইলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরাইলি বাহিনীর হাতে নিহত হাসান শুকরের মৃত্যুর প্রতিশোধ নিতে আহমাদ শুকর রন আরাদকে হত্যা করে থাকতে পারেন। তবে এই ধারণার পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

আরাদের মরদেহ উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৬ সালের ৬ ও ৭ মার্চ লেবাননের নবী চিত গ্রামে ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরাইল। ইসরাইলি বাহিনীর ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ সমাহিত করা হয়েছে। এ অভিযানে ৪০টিরও বেশি বিমান হামলা চালানো হয় বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। কিন্তু দীর্ঘ সামরিক অভিযান ও ব্যাপক প্রাণহানির পরও রন আরাদের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে, প্রায় চার দশক ধরে একজন নিখোঁজ পাইলটকে খুঁজতে গিয়ে ইসরাইলি গোয়েন্দারা একাধিক দেশে গোপন অভিযান চালিয়েছে। ইরানের দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অপহরণের অভিযোগও সেই অনুসন্ধানের অংশ। অথচ ইরান আরাদকে নিজেদের হেফাজতে রেখেছিল—এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ শেষ পর্যন্ত পাওয়া যায়নি।

ইসরাইলের গোয়েন্দা সংস্থার ভেতরেও একপর্যায়ে রন আরাদকে নিয়ে দীর্ঘদিনের অনুসন্ধান ও ইরানকে সন্দেহ করার কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক দশকের অভিযান, অপহরণ, জিজ্ঞাসাবাদ ও প্রাণহানির পরও আরাদের প্রকৃত পরিণতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ইসরাইল।

সূত্রঃ দ্য নিউ ইয়র্ক টাইমস

এমকে

আরো পড়ুন

তুরষ্কে পেরেক বিহীন নান্দনিক কাঠের মসজিদ

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা ইরানের

বিশ্বজুড়ে ‘হালাল হলিডে’র জনপ্রিয়তা বাড়ছে