17.3 C
London
September 11, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দুর্নীতি মামলায় সাজা, ডব্লিউএইচওতে জালিয়াতির অভিযোগঃ শেষ পর্যন্ত পদত্যাগ শেখ হাসিনার মেয়ে পুতুলের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের মধ্যে বুধবার তিনি সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্সের হাতে আসা পদত্যাগপত্র অনুযায়ী, পুতুলের পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর আগে গত ২০ আগস্ট তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

পুতুলের বিরুদ্ধে ডব্লিউএইচওর অভ্যন্তরীণ তদন্তে চীন সফরের সময় আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

২০২৬ সালের জুলাইয়ে পুতুলের আইনজীবীদের দেওয়া এক চিঠির বরাতে জানা যায়, চীন সফরের একটি বিল পরিশোধকে কেন্দ্র করে প্রায় ৯০১ ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তার আইনজীবীদের দাবি, এটি ছিল একজন সহকারীর প্রশাসনিক ভুল। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের ক্ষেত্রেও পুতুল দাবি করেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানসূচক ডক্টরেট পেয়েছিলেন এবং এ বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক আগে থেকেই অবগত ছিলেন।

এর বাইরে বাংলাদেশেও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। তার পদত্যাগপত্রে তিনি অবৈধভাবে জমি দখলের অভিযোগের কথাও উল্লেখ করেন। পুতুলের দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই ওই জমি তিনি বৈধভাবে অর্জন করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তা সংক্রান্ত আইনের অধীনে ওই সম্পত্তির অধিকারী ছিলেন।

পুতুলের ডব্লিউএইচও-জীবনের শুরুটা অবশ্য ছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন তিনি। ১০টি ভোটের মধ্যে আটটি ভোট পেয়েছিলেন পুতুল, যার মধ্যে ভারতের ভোটও ছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন।

কিন্তু কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব তার ওপরও পড়ে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। এরপর পুতুলের বিরুদ্ধেও বাংলাদেশে একাধিক দুর্নীতির মামলা হয়।

২০২৫ সালের ১১ জুলাই ডব্লিউএইচও তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। পরে তার দায়িত্ব পালনের জন্য একজনকে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব দেওয়া হলেও সেই মেয়াদও শেষ হয়ে যায়।

বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে করা একটি প্লট দুর্নীতি মামলায় ২০২৫ সালের নভেম্বরে ঢাকার একটি আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই মামলাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আদেশও দেওয়া হয়েছিল।

রয়টার্সের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পুতুলকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার প্রস্তুতিও নিচ্ছিল ডব্লিউএইচও। আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে। ডিসেম্বরের মধ্যে আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন পরিচালক নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

পদত্যাগপত্রে পুতুল অভিযোগ করেন, ডব্লিউএইচওর মহাপরিচালক তাকে দায়িত্ব পালনে বাধা দিয়েছেন এবং দীর্ঘদিন অবৈতনিক ছুটিতে থাকায় তিনি আর্থিক সংকটে পড়েছেন। এ কারণে সংস্থার নেতৃত্বের ওপর তার আস্থা হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে তার পদত্যাগের ঘটনা শুধু ডব্লিউএইচওর প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় হিসেবে দেখছে না রয়টার্স। শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা, তদন্ত ও আইনি পদক্ষেপের যে ধারাবাহিকতা তৈরি হয়েছে, পুতুলের পদত্যাগকেও সেই বৃহত্তর রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটের সর্বশেষ ঘটনা হিসেবে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি।

এদিকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতসহ এই অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর ভোটে পাঁচ বছরের জন্য পরিচালক নির্বাচিত হন। ফলে একজন আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, দীর্ঘমেয়াদি ছুটি এবং শেষ পর্যন্ত পদত্যাগের ঘটনা সংস্থাটির জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

২১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ফ্রান্স, কমিউনিটিতে ক্ষোভ

টাকা দিতে পারছে না সাকিবের কোম্পানি, আইএফআইসি ব্যাংকের লিগ্যাল নোটিশ

টুকু-পলক-সৈকতকে তোলা হবে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ