13 C
London
September 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নতুন বিশ্বযুদ্ধ হলে ব্রিটেনে সামরিক নিয়োগঃ যুদ্ধে যেতে অস্বীকার করলেই জরিমানা

নতুন কোনো বৈশ্বিক যুদ্ধ শুরু হলে ব্রিটেনে বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা কনস্ক্রিপশন পুনরায় চালু করার প্রয়োজন হতে পারে—এমন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ অমান্য করলে কারাদণ্ডের পরিবর্তে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে বলে সতর্ক করেছেন লেখক ও ইতিহাসবিদ ডেভিড সুইফট।

ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যসংখ্যা কমে যাওয়ার বিষয়টি এমন আলোচনাকে আরও সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৭৪ হাজার পূর্ণকালীন সেনাসদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা এবং চলমান আন্তর্জাতিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে ব্রিটেনের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। নতুন কোনো বড় বৈশ্বিক সংঘাত তৈরি হলে সামরিক বাহিনীর জনবল দ্রুত বাড়ানোর প্রয়োজন দেখা দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সম্ভাব্য কনস্ক্রিপশন নিয়ে জনমতেও অনাগ্রহের বিষয়টি উঠে এসেছে। ৩ হাজার ৪৪ জনের ওপর পরিচালিত একটি ইউগভ জরিপে দেখা গেছে, ৪০ বছরের কম বয়সীদের ৩৮ শতাংশ নতুন বিশ্বযুদ্ধ শুরু হলে সামরিক বাহিনীতে যোগ দিতে অস্বীকার করবেন।

এমনকি ব্রিটেন সরাসরি সামরিক আগ্রাসনের মুখে পড়লেও ৩০ শতাংশ মানুষ যুদ্ধে অংশ নিতে অস্বীকার করবেন বলে জরিপে মত দিয়েছেন।

এই পরিস্থিতিতে কনস্ক্রিপশন চালু হলে তা কার্যকর করার ক্ষেত্রে শাস্তির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিহাসবিদ ডেভিড সুইফটের মতে, বিপুলসংখ্যক মানুষকে কারাগারে পাঠানোর পরিবর্তে আর্থিক জরিমানার মতো শাস্তি দেওয়ার সম্ভাবনাই বেশি।

ডেভিড সুইফট বলেন, “আমি মনে করি, কারাদণ্ডের পরিবর্তে জরিমানাই দেওয়া হবে।”

তার বক্তব্যের পেছনে একটি কারণ হিসেবে ব্রিটেনের বর্তমান কারাগার ব্যবস্থার সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিপুলসংখ্যক মানুষ সামরিক নিয়োগের নির্দেশ অমান্য করলে তাদের সবাইকে কারাগারে পাঠানো বাস্তবসম্মত হবে না বলে তিনি মনে করেন।

সম্ভাব্য কনস্ক্রিপশনে নারী ও পুরুষকে সমানভাবে অন্তর্ভুক্ত করার বিষয়েও জনমতের প্রবল সমর্থন রয়েছে। জরিপে ৭২ শতাংশ মানুষ বলেছেন, বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু হলে পুরুষদের মতো নারীদেরও একইভাবে সামরিক বাহিনীতে যোগদানের জন্য ডাকা উচিত।

ব্রিটেনের ইতিহাসে যুদ্ধকালীন কনস্ক্রিপশনের নজির রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৮ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হতো। তবে কৃষি, চিকিৎসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা ছিল।

ব্রিটেনে বর্তমানে কনস্ক্রিপশন চালু নেই। অতীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাধ্যতামূলক সামরিক নিয়োগ কার্যকর করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ১৯৬৩ সালে তা বিলুপ্ত হয়।

সাম্প্রতিক আলোচনায় মূলত ব্রিটিশ সামরিক বাহিনীর জনবল, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাত তৈরি হলে দেশটি কীভাবে অতিরিক্ত সামরিক জনবল সংগ্রহ করবে—এসব বিষয় উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক জনবল নিয়ে এই আলোচনা সামনে এসেছে।

সূত্রঃ ইউগভ জরিপ\ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ডিসেম্বরের আগেই রাস্তায় থাকা সবার জন্য আশ্রয়ঃ ৪৪২ মিলিয়ন পাউন্ডের মহাপরিকল্পনা বার্নহামের

সৃজনশীল কর্মীদের জন্য ইউকে ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসার গাইডলাইন

বন্ধ হয়ে গেছে বহু ব্রিটিশ রেস্তোরাঁ