TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নারীদের সন্তান জন্মদানের অধিকার কেড়ে নিচ্ছে এনএইচএসঃ ইংল্যান্ডে বন্ধ ১২টি মাতৃসেবা কেন্দ্র

যুক্তরাজ্যের ইংল্যান্ডে একের পর এক মাতৃসেবা কেন্দ্র বন্ধ করে দেওয়ায় নারীদের সন্তান জন্মদানের পছন্দ ও অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্বাস্থ্য অধিকারকর্মী ও বিশেষজ্ঞরা। তাদের মতে, মিডওয়াইফ বা প্রশিক্ষিত ধাত্রীদের তত্ত্বাবধানে সন্তান জন্মদানের সুযোগ কমিয়ে দেওয়া নারীদের প্রজননস্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডেনিস ক্যাম্পবেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে ইংল্যান্ডে মোট ১২টি মিডওয়াইফ পরিচালিত প্রসূতি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ২০২৪ সালে লেবার পার্টি সরকার গঠনের পর বন্ধ হয়েছে ছয়টি কেন্দ্র।

এসব প্রসূতি কেন্দ্রকে বলা হয় ‘বার্থ সেন্টার’। সাধারণ হাসপাতালের চিকিৎসকদের পরিবর্তে এখানে প্রশিক্ষিত মিডওয়াইফ বা ধাত্রীরা গর্ভবতী নারী ও সন্তান জন্মদানের পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন।

প্রসূতি সেবার ক্ষেত্রে নারীদের সামনে সাধারণত তিন ধরনের বিকল্প থাকে। চিকিৎসকদের পরিচালিত হাসপাতালের প্রসূতি বিভাগে সন্তান জন্ম দেওয়া, মিডওয়াইফ পরিচালিত বিশেষায়িত বার্থ সেন্টারে সন্তান জন্ম দেওয়া অথবা চিকিৎসাগতভাবে উপযুক্ত হলে নিজ বাড়িতে সন্তান জন্ম দেওয়া।

বিশেষজ্ঞদের মতে, বার্থ সেন্টারগুলো নারীদের নিজেদের পছন্দ অনুযায়ী সন্তান জন্মদানের সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় নারীদের সামনে থাকা বিকল্প সীমিত হয়ে পড়ছে।

এনএইচএস কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, ক্রমবর্ধমান সংখ্যায় এসব কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে নারীরা মিডওয়াইফের পরিবর্তে চিকিৎসকের তত্ত্বাবধানে সন্তান জন্ম দিতে বাধ্য হওয়ার পরিস্থিতিতে পড়তে পারেন।

প্রচারক ও অধিকারকর্মীরা এই পরিস্থিতিকে নারীদের অধিকারের প্রতি ‘ভয়াবহ অবজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে, সন্তান জন্মদানের পদ্ধতি ও পরিবেশ বেছে নেওয়ার অধিকার নারীদের থাকা উচিত। কিন্তু একের পর এক কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ সংকুচিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংল্যান্ডের মাতৃসেবা ব্যবস্থা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর আগে এনএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছিলেন, ইংল্যান্ডে আরও ২০টি পর্যন্ত প্রসূতি বিভাগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

শাবানা মাহমুদের অভিবাসন সংস্কারে ক্ষুব্ধ নার্সিং নেতারাঃ নিয়ম শিথিলের দাবি

প্রধানমন্ত্রী হলে বদলাবে কি বার্নহামের অবস্থানঃ আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধির মডেল নিয়ে প্রশ্ন

যুক্তরাজ্যে ৯ বছর বয়সী কন্যাশিশু হত্যাকাণ্ড