ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব কিনেছেন দাবিতে নাহিদের নাম, ছবি ও স্বাক্ষর সংবলিত দেশটির একটি পাসপোর্টের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানুয়ারি মাসে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডোমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Paulo Travels’ নামের একটি ওয়েবসাইটে ডোমিনিকার একটি পাসপোর্টের ছবি পাওয়া যায়। এটি মূলত দেশটির একটি পাসপোর্টের নমুনা বা ডেমো পাসপোর্ট (Specimen Passport)। ওয়েবসাইটটিতে এ ধরনের আরও বিভিন্ন দেশের পাসপোর্টের টেম্পলেট রয়েছে। উক্ত নমুনায় ‘মিস্টার বিন’খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের ছবি ব্যবহৃত হয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো, এই নমুনা পাসপোর্টে ডোমিনিকার ইমিগ্রেশন কর্মকর্তার যে স্বাক্ষর রয়েছে, নাহিদ ইসলামের নামে ছড়ানো পাসপোর্টেও হুবহু একই স্বাক্ষর রয়েছে।
আরও অনুসন্ধানে ‘uruperu’ নামের একটি ওয়েবসাইটে একই ডেমো পাসপোর্টের আরও স্পষ্ট ছবি পাওয়া যায়। ওই নমুনা পাসপোর্টের বারকোড এবং নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোড গুগল লেন্স দিয়ে স্ক্যান করে দেখা গেছে, উভয় ক্ষেত্রেই পাসপোর্ট নম্বর হিসেবে একই কোড (RA015060) প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোডের নিচে দৃশ্যমান নম্বরটি নমুনা পাসপোর্টের নম্বরের চেয়ে আলাদা দেখানোর চেষ্টা করা হলেও, বারকোড স্ক্যান করলে একই মূল কোডটি বেরিয়ে আসছে। মূলত প্রতিটি বৈধ পাসপোর্টের বারকোড বা মেশিন রিডেবল কোড সংশ্লিষ্ট ব্যক্তির তথ্যানুযায়ী ইউনিক বা অনন্য হয়ে থাকে। ফলে ভিন্ন ভিন্ন ব্যক্তির পাসপোর্টে একই বারকোড থাকার কোনো সুযোগ নেই।
এছাড়া রিউমর স্ক্যানার জানায়– পাসপোর্টে ব্যবহৃত নাহিদ ইসলামের স্বাক্ষরটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি উইকিপিডিয়ায় থাকা তার স্বাক্ষরের একটি ছবির সঙ্গে হুবহু মিলে যায়। স্বাক্ষরের ঘনত্ব ও নিচের রেখার টান বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি অনলাইন থেকে সংগ্রহ করে পাসপোর্টে বসানো হয়েছে।
পাশাপাশি, পাসপোর্টে ব্যবহৃত ছবিটিও আলাদাভাবে যাচাই করা হয়েছে। এতে দেখা যায়, প্রথম আলোর একটি সংবাদে প্রকাশিত নাহিদ ইসলামের ছবির সঙ্গে পাসপোর্টে যুক্ত ছবিটির মুখভঙ্গি ও পোশাকের অবিকল মিল রয়েছে।
অর্থাৎ, অনলাইনে থাকা একটি নমুনা পাসপোর্ট সম্পাদনা করেই নাহিদ ইসলামের নামে এই বানোয়াট পাসপোর্টটি তৈরি করা হয়েছে।
সুতরাং, নাহিদ ইসলাম ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব কিনেছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি সম্পাদিত বলে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে।
সূত্রঃ রিউমর স্ক্যানার
এম.কে

