8 C
London
February 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনড় তেহরান, আলোচনায় কঠোর অবস্থানে ওয়াশিংটন

ওমানে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

 

ক্রমবর্ধমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানোর লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনার প্রাক্কালে কাতার, তুরস্ক ও মিসরের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি প্রাথমিক নীতিগত কাঠামো উপস্থাপন করেছেন। এতে আলোচনায় কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে এবং কোন সীমার মধ্যে আলোচনা এগোতে পারে—সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এর মধ্যেই পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির নৌ শাখা ফার্সি দ্বীপের কাছে দুটি জ্বালানি পাচারকারী জাহাজ জব্দ করেছে। ইরান দাবি করেছে, জাহাজ দুটি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে অবৈধভাবে জ্বালানি পাচারে জড়িত ছিল।

আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ জানায়, জাহাজ দুটিতে এক মিলিয়নের বেশি লিটার পাচারকৃত জ্বালানি পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ইরানের দাবি, খুচরা জ্বালানির দাম অত্যন্ত কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি পাচার লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ ধরনের জব্দের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ট্যাংকার ও জাহাজ আটকের ঘটনা ঘটিয়েছে ইরান, যা অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কেবল পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও আলোচনার টেবিলে আনতে হবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচ্য বিষয় হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মারৎসের বক্তব্যকে ‘রাজনৈতিক সরলতা’ আখ্যা দিয়েছেন। মারৎস সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে জার্মানি চাপ বাড়াতে প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, মস্কো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে উপস্থাপন করছে না, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সব মিলিয়ে ওমানের বৈঠককে ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক প্রত্যাশা থাকলেও পারস্য উপসাগরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলছে। আলোচনার ফলাফলই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হবে নাকি নতুন করে বাড়বে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

এসাইলাম প্রার্থীদের কাজের অনুমতি দিতে চান স্কটিশ মন্ত্রী

মেডিকেল ইনস্টিটিউটে নারী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে তালেবান

নিউজ ডেস্ক

চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন মারা গেছেন