12.3 C
London
October 18, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাঃ লক্ষ্যবস্তু ফরাসি মেয়র

পশ্চিম তীরে ফিলিস্তিনি, ইউরোপীয় কূটনীতিক ও ফরাসি মেয়রের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ইসরায়েলি কর্তৃপক্ষকে ফিলিস্তিনিদের পাশাপাশি কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনের খ্রিষ্টান অধ্যুষিত তাইবেহ গ্রামে মুখোশধারী বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফরাসি ও পোলিশ কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা। এ সময় বেলজিয়ামের একটি গাড়িও হামলার লক্ষ্যবস্তু হয় বলে অভিযোগ করা হয়েছে।

উত্তর ফ্রান্সের অলনোয়া-এমেরি শহরের মেয়র বার্নার্ড বোদু বলেন, স্থানীয় জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে জলপাই সংগ্রহের সময় গ্রামের কাছে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেভো বলেন, জলপাই সংগ্রহ, সংবাদ সংগ্রহ কিংবা কূটনৈতিক দায়িত্ব পালন—কোনোটিই কাউকে হামলার ঝুঁকিতে ফেলতে পারে না। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষের দায়িত্ব ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনা।

তিনি আরও বলেন, সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তির অবসান হওয়া প্রয়োজন। এ ধরনের সহিংসতার সঙ্গে জড়িত বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের দাবিও অব্যাহত রাখবে বেলজিয়াম।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাসিয়েই ভেইভিওর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কূটনীতিকদের বহনকারী একটি গাড়িবহর হামলার শিকার হয়েছে। কূটনৈতিক কর্মকর্তাদের ওপর হামলাকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি হামলাকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে উল্লেখ করেন। তবে সফরের আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় না করায় তিনি দুঃখ প্রকাশ করেন।

অন্যদিকে, ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন সন্ত্রাসের শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তারা আগেও দাবি করেছেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা একটি ক্ষুদ্র গোষ্ঠীর কর্মকাণ্ড। তবে ফিলিস্তিনি ও মানবাধিকার সংগঠনগুলো এ বক্তব্যের বিরোধিতা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবারও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের সময় মুখোশধারী বসতি স্থাপনকারীদের হামলায় ওয়াশিংটন পোস্ট-এর আলোকচিত্রী হেইডি লেভিন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে, তাইবেহ গ্রামের ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

উত্তাল ভারতে বিজেপি নেতার বাড়িতে আগুন

যুদ্ধবিরতি নয়, ইরানের নেতৃত্বে পরিবর্তন চায় সৌদি আরবসহ চার দেশ

নিউজ ডেস্ক

ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছিঃ ইসরায়েল