ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালেও তিনি নিজে এ বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে হাইকমিশন। যুক্তরাজ্যভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে এই অনুরোধ করা হয়েছে। তবে শেখ হাসিনার অনুমোদন বা তার পক্ষে আবেদন করার বৈধ ক্ষমতাপত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি বলেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে ই-মেইল এসেছে। সেখানে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
সাইদুর রহমান বলেন, অনুরোধটি আদৌ সঠিক কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। এটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে, এমনটা বোঝারও কোনো উপায় নেই। কারণ, ই-মেইলের সঙ্গে তার অনুমোদন বা অথরাইজেশনসংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র দেওয়া হয়নি।
তিনি আরও জানান, বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে সূত্রের বরাতে বাংলানিউজ জানিয়েছে, শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠান।
অন্যদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদন করার বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
তবে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধটি তার নিজের নির্দেশে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সূত্রঃ বাংলানিউজ২৪.কম
এমকে

