12.7 C
London
August 23, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে সাজা দেওয়া যাবে নাঃ যুক্তরাজ্যের আদালত

যুক্তরাজ্যে প্যালেস্টাইনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পাঁচ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন আদালত। শুক্রবার প্রেস্টন ক্রাউন কোর্টের বিচারক রবার্ট আলথাম এ সিদ্ধান্ত দেন।

আদালতের এ রায়ের পর বাইরে অপেক্ষমাণ প্যালেস্টাইনপন্থি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা আনন্দ প্রকাশের পাশাপাশি ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মামলায় দোষী সাব্যস্ত পাঁচজন হলেন—২৮ বছর বয়সী ব্রেন্ডন ও’হেগান, ৩১ বছর বয়সী আমান্ডা কেলি, ৩১ বছর বয়সী হামিরা আতিকনিসার, ২৮ বছর বয়সী মোহাম্মদ মালিক এবং ৭০ বছর বয়সী আলমা ইয়ানিভ।

২০২৪ সালের আগস্টে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বার্নলি শহরে বার্কলেস ব্যাংকের একটি শাখায় প্রায় ২ লাখ ১২ হাজার পাউন্ডের ক্ষয়ক্ষতির ঘটনায় গত জুনে তাদের দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে বার্কলেস ব্যাংকের বিনিয়োগ ও শেয়ার মালিকানার প্রতিবাদে তারা ব্যাংকটির শাখায় বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছিলেন।

তবে আদালত এখন তাদের ওই অপরাধকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সাজা দেওয়ার পথ বন্ধ করে দিয়েছে। কারণ, যে সময় ঘটনাটি ঘটেছিল তখন প্যালেস্টাইন অ্যাকশনকে যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি।

রায়ের পর মোহাম্মদ মালিকের মা ডোভ মালিক আল জাজিরাকে বলেন, এটি তাদের, ফিলিস্তিনের এবং প্রতিবাদ করার অধিকারের বিজয়। তিনি দাবি করেন, তারা ইতিহাসের সঠিক পক্ষেই রয়েছেন।

পাঁচ কর্মীও এক যৌথ বিবৃতিতে আদালতের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, আদালত বিষয়টি বিবেচনা করে তাদের সন্ত্রাসী হিসেবে সাজা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তারা অত্যন্ত স্বস্তি পেয়েছেন।

তবে তাদের বিরুদ্ধে মূল অপরাধের সাজা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আগামী ৪ সেপ্টেম্বর তাদের সাজা ঘোষণা করার কথা রয়েছে।

মামলার শুনানিতে সন্ত্রাসী সংশ্লিষ্টতার বিষয়টি নিয়েও আইনি প্রশ্ন ওঠে। বিচারক ফিলিপ প্যারি আসামিদের আইনজীবীদের জানান, অপরাধগুলোর সঙ্গে কোনো ‘সন্ত্রাসী সংশ্লিষ্টতা’ রয়েছে কি না, সেটি তিনি বিবেচনা করতে চান।

এর আগে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন প্যালেস্টাইন অ্যাকশনের আরও চার কর্মী। ব্রিস্টলের কাছে এলবিট সিস্টেমসের ফিলটন কারখানায় অপরাধমূলক ক্ষতিসাধনের ঘটনায় তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে তাদের সন্ত্রাসী হিসেবে সাজা দেওয়া হয়।

প্যালেস্টাইন অ্যাকশনের একাধিক কর্মীর আইনজীবী হিসেবে কাজ করা হজ জোনস অ্যান্ড অ্যালেনের শীর্ষ ফৌজদারি আইনজীবী রাজ চাদা বলেন, ‘সন্ত্রাসী সংশ্লিষ্টতা’র আইনটি বহু পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে এর প্রয়োগ দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত মূলত প্যালেস্টাইন অ্যাকশনের মামলাগুলোতেই এর ব্যবহার হয়েছে।

তার মতে, নিষেধাজ্ঞার আগে সংঘটিত অপরাধের ক্ষেত্রে পরবর্তীতে সংগঠনটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করা অত্যন্ত অস্বাভাবিক।

এদিকে মানবাধিকার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর সংগঠনটির প্রতি সমর্থন জানানোর অভিযোগে যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য।

নিষেধাজ্ঞার পর যুক্তরাজ্যের আইনে প্যালেস্টাইন অ্যাকশনকে আল-কায়েদা ও আইএসআইএলের মতো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সংগঠনটির সমর্থনে আয়োজিত বিভিন্ন বিক্ষোভকে ঘিরে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে ধারাবাহিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতেও বহু মানুষ অংশ নেন। এসব কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে এমন প্ল্যাকার্ড দেখা গেছে, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন এবং গাজায় চলমান পরিস্থিতির প্রতিবাদ জানানো হয়েছে।

সাম্প্রতিক এই আদালতের সিদ্ধান্ত তাই শুধু পাঁচ কর্মীর সাজা নিয়ে নয়; বরং কোনো সংগঠন নিষিদ্ধ হওয়ার আগে সংঘটিত অপরাধের ক্ষেত্রে পরবর্তীতে সেই সংগঠনের ওপর আরোপিত সন্ত্রাসী তকমা ও সংশ্লিষ্ট আইন কতটা প্রয়োগ করা যাবে—সেই গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নও সামনে এনেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

মঙ্গবার চাঁদ দেখা যায়নি, যুক্তরাজ্যে ঈদ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ইরানবিরোধী আন্দোলনের ঢেউ লন্ডনেঃ দূতাবাস থেকে নামানো হলো তেহরানের পতাকা