19.4 C
London
September 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং তিনি মত দিয়েছেন, নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে সেখানে নতুন নামকরণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ঈদুল আজহার আগে পাঠানো ওই প্রস্তাবে প্রতিষ্ঠানটির নাম বেগম খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়েছিল। ওই সূত্রের দাবি, আজ মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেননি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, নতুন নামকরণের প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠান গড়ে তা করা উচিত। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া যেতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নোটে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন নতুন কোনো নাম সংযুক্ত করতে হলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এর আগে সরকারি ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। মশা নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মন্তব্য করেন, দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেও কার্যকর সমাধান বের করা সম্ভব।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

গণভবন স্টাইলে বঙ্গবন্ধুর বাড়িতে লুটপাট

চঞ্চলকে নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, জবাব দিলেন অভিনেতা

নিউজ ডেস্ক

বাংলাদেশীদের জন্য ইউরোপের দেশ বুলগেরিয়ায় শ্রমিক ভিসা, বেতন ৬০০ ইউরো