উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। ফ্রান্স সরকারের অর্থায়নে পরিচালিত ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’-এর আওতায় মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। নির্বাচিত মাস্টার্স শিক্ষার্থীরা মাসে ১ হাজার ২০০ ইউরো ভাতা পাবেন। পাশাপাশি বিমানভাড়া, স্বাস্থ্যবিমা এবং ফ্রান্সের অভ্যন্তরে যাতায়াতের খরচেও সহায়তা দেওয়া হবে।
ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্যাম্পাস ফ্রান্স। এর মাধ্যমে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো মেধাবী বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে মনোনীত করার সুযোগ পায়।
টুলুজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশগত রূপান্তর, গণিত ও ডিজিটাল প্রযুক্তি এবং প্রকৌশলবিজ্ঞানে পড়াশোনার সুযোগ রয়েছে। মানবিক ও সামাজিক বিজ্ঞানের মধ্যে ফরাসি ইতিহাস, ভাষা ও সভ্যতা, আইন ও রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি ও ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।
বৃত্তির আওতায় মাস্টার্স পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো পাবেন। এ ছাড়া নিজ দেশ থেকে ফ্রান্সে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া, ফ্রান্সের অভ্যন্তরে নির্দিষ্ট যাতায়াত খরচ এবং স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে। আবাসন খুঁজে পেতেও সহযোগিতা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্রুস আবাসিক হল অথবা বেসরকারি আবাসনে থাকার সুযোগও থাকতে পারে। তবে বৃত্তির আওতায় সরাসরি টিউশন ফি অন্তর্ভুক্ত নয়।
মাস্টার্স পর্যায়ে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৯ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীর জন্ম ৩১ মার্চ ১৯৯৭-এর পরে হতে হবে। আবেদনকারীকে বিদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের সময় ফ্রান্সে অধ্যয়নরত থাকা যাবে না। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা প্রকৌশল ডিগ্রিতে ভর্তির যোগ্যতাও থাকতে হবে।
পিএইচডি পর্যায়ে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। অর্থাৎ ২০২৭ সালের বৃত্তির জন্য জন্ম ৩১ মার্চ ১৯৯১-এর পরে হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রস্তাব এবং টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা গবেষকের তত্ত্বাবধানের সম্মতি প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডিতে প্রাথমিকভাবে নিবন্ধিত হওয়া বা নিবন্ধনের পরিকল্পনা থাকতে হবে।
আবেদনের জন্য পাসপোর্ট বা পরিচয়পত্রের অনুলিপি, ইংরেজি অথবা ফরাসি ভাষায় জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, গত তিন বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে ভাষাগত দক্ষতার সনদ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি আবেদনকারীর শিক্ষাগত লক্ষ্য, বৃত্তি পাওয়ার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে।
আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইফেল স্কলারশিপে সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করা যায় না। ফ্রান্সের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীকে মনোনীত করে আবেদন জমা দিতে হয়। টুলুজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মাস্টার্স পর্যায়ে প্রাথমিক আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬ এবং পিএইচডি পর্যায়ে ২৯ নভেম্বর ২০২৬। বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন ক্যাম্পাস ফ্রান্সে পাঠানোর শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭।
ক্যাম্পাস ফ্রান্সের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের বৃত্তির ফলাফল ১২ এপ্রিল ২০২৭ থেকে প্রকাশের কথা রয়েছে। তবে টুলুজ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাইয়ে মনোনীত হলেই চূড়ান্ত বৃত্তি নিশ্চিত হবে না; চূড়ান্ত নির্বাচন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্রঃ ক্যাম্পাস ফ্রান্স
এমকে

