15.6 C
London
February 24, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা ‍তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা

শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেয়া হয়েছিল ভারতের শিলিগুড়িতে। প্রায় ১৩ মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানাল স্থানীয় হোটেল মালিকদের সংগঠন।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সেখানে সংগঠনটির সদস্যরা জানান, বাংলাদেশে নতুন সরকার আসার পর পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। বাংলাদেশের তরফেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। সেই কারণেই বাংলাদেশের নাগরিকদের শিলিগুড়ির হোটেলে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দেয়া হয়েছে। সেই চিঠিতে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। তবে সংবাদ সম্মেলনে হোটেল মালিক সংগঠনদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ফের ভারত বিদ্বেষ বৃদ্ধি পেলে আবার নিষেধাজ্ঞার পথে হাঁটবেন তারা।

এদিন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন,

বাংলাদেশ অশান্ত হওয়ার পর ভারতের বিরুদ্ধে যেভাবে বিদ্বেষ ছড়িয়েছিল, সেই কারণে আমরা এর আগে আলোচনা করে ও ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছিলাম। তবে নতুন সরকার আসায় ধীরে ধীরে ভারতের সঙ্গে ফের একবার সুসম্পর্ক স্থাপনের আশা মিলছে। সেই কারণে আমরা সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করে এবং একই প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি যে বাংলাদেশি পর্যটকদের জন্য আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি।

তিনি আরও বলেন, ‘আমরা আবার বুকিং নেব ও পরিষেবা দেব। এই বিষয়ে জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।’

হোটেল মালিক সংগঠনের সম্পাদক সন্দীপকুমার দাঁ বলেন, ‘ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৭৫ শতাংশ সদস্যরা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু আগামীতে আবার যদি ভারত বিদ্বেষ দেখতে পাই, তবে আবার সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হবে।’

সূত্রঃ ইটিভি ভারত

এম.কে

আরো পড়ুন

লাউয়াছড়া বনের মালিকানা দাবি করে সাইনবোর্ড

ছয় কমিশনের পাঁচটি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি

‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন, ৪০০ অভিযোগ