10.3 C
London
October 25, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কাঃ ২৬ অক্টোবরের মধ্যে ধান কাটার পরামর্শ

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপটি শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশেও ২৭ অক্টোবর থেকে টানা কয়েক দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার পাশাপাশি পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত একটি বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত শুক্রবার সকালে লঘুচাপে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এটি ক্রমেই শক্তিশালী হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট লঘুচাপে, ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে এবং ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

প্রাথমিক পূর্বাভাসে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের পূর্ব উপকূলের দিকে নির্দেশ করা হয়েছে। বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির প্রকৃত সৃষ্টি, শক্তি, গতিপথ ও স্থলভাগে আঘাত হানার সময় পরিবর্তিত হতে পারে। তাই এটি কোথায় আঘাত হানবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা আপাতত কম বলে ধারণা করা হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বিডব্লিউওটির প্রাথমিক পূর্বাভাসে ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

লঘুচাপটি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। এতে মাছ ধরার নৌকা ও ট্রলারের চলাচলে ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সাগরে অবস্থানরত জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে কৃষি খাতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে আউশ ও আমন ধান পেকে কাটার উপযোগী হয়েছে। পাকা ধান দীর্ঘ সময় বৃষ্টির পানিতে ভিজে থাকলে জমিতেই পচে যেতে পারে। এ ছাড়া ঝোড়ো বাতাসে ধানগাছ মাটিতে পড়ে গিয়ে ফসলের ক্ষতি হতে পারে।

এ পরিস্থিতিতে যেসব কৃষকের ধান পেকে গেছে, তাদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে ধান কেটে ঘরে তোলার চেষ্টা করতে বলা হয়েছে। বৃষ্টির কারণে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং ফসলের ক্ষতি এড়াতে দ্রুত ধান সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শীতকালীন শাকসবজি চাষ ও বীজতলা তৈরির পরিকল্পনা করা কৃষকদের আপাতত কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। বৃষ্টিপাত কমে আবহাওয়া অনুকূলে এলে নতুন করে চাষাবাদ শুরু করা নিরাপদ হবে। যেসব জমিতে ইতোমধ্যে সবজি বা অন্যান্য রবি ফসল রয়েছে, সেখানে পানি জমার আশঙ্কা থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাটা ফসল ও বীজ নিরাপদ স্থানে ঢেকে রাখার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি স্টেশনের কোনোটিতেই শুক্রবার বৃষ্টি রেকর্ড করা হয়নি। এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, গত কয়েক দিনে বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ সৃষ্টি হওয়া এবং পশ্চিমা বায়ুর প্রভাবে বাতাস স্থলভাগ থেকে সাগরের দিকে প্রবাহিত হওয়ায় দেশে বৃষ্টির সম্ভাবনা কমেছে। এ পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বাড়ছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির লক্ষ্যস্থল ভারতের অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূল হতে পারে। এর প্রভাবে আগামী মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি ও বাংলাদেশের ওপর এর প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ বিডব্লিউওটি

এমকে

আরো পড়ুন

ছুটির দিনে খাঁচা থেকে বেরিয়ে পড়া সিংহটিকে ফেরানো হলো খাঁচায়

সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চাইলেন সাবেক বিচারপতি মানিক

একই আস‌নে বিএনপি-জামায়াতের প্রার্থী আপন দুই ভাই