9.1 C
London
October 17, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান

বাংলাদেশের তথ্য কমিশনের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দুই সাংবাদিক এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নাহরিন ইসলাম খানের নিয়োগের তথ্য জানানো হয়। তথ্য কমিশনের যাত্রা শুরুর প্রায় দেড় যুগের মধ্যে এবারই প্রথম কোনো নারী প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পেলেন।

এর আগে ছয়জন প্রধান তথ্য কমিশনার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আটজন তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে চারজন নারী তথ্য কমিশনার থাকলেও প্রধান তথ্য কমিশনার পদে এবারই প্রথম কোনো নারী নিয়োগ পেলেন।

নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই দেশের ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমা সম্পন্ন করেন।

সংবাদমাধ্যম ও টেলিভিশনে তিনি বিএনপি ঘরানার মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে সরকারের অবস্থান ব্যাখ্যা করতেও তাকে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকেও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তার অংশগ্রহণের তথ্য প্রকাশিত হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেককে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে পদটি শূন্য ছিল।

নতুন প্রধান তথ্য কমিশনারের পাশাপাশি তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমান এবং দৈনিক দিনকালের সহকারী সম্পাদক খান মোহাম্মদ আবুল হোসেন। এর মধ্যে মাহফুজুর রহমান আগে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদ থেকে সরিয়ে তাকে তথ্য কমিশনার করা হয়েছে।

সূত্রঃ বাসস \ ইউএনবি

এমকে

আরো পড়ুন

পদত্যাগ নিয়ে স্ববিরোধী বক্তব্য, রাষ্ট্রপতির শপথ ভঙ্গঃ আইন উপদেষ্টা

‘বাংলাদেশে হিন্দু নিগ্রহে’র প্রসঙ্গই নেই বাইডেনের দফতরের বিবৃতিতে!

প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে সোহেল তাজের কড়া বার্তা