TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহামের জনসংখ্যাকেও ছাড়াল কর্মহীন অভিবাসীর সংখ্যাঃ ব্রিটেনে ভাতা গ্রহণে রেকর্ড

ব্রিটেনে কর্মক্ষম বয়সী কর্মহীন অভিবাসীর সংখ্যা বেড়ে ১২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। এই সংখ্যা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের মোট জনসংখ্যার চেয়েও বেশি। একই সঙ্গে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়া অভিবাসীদের মধ্যে ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। গত দুই বছরে এই সংখ্যা বেড়েছে ৫৩ দশমিক ৮ শতাংশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এবং অভিবাসন নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ওএনএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে বিদেশে জন্ম নেওয়া কর্মক্ষম বয়সী ১২ লাখ ৭০ হাজার মানুষ কর্মসংস্থানের বাইরে ছিলেন এবং আগের চার সপ্তাহে কাজ খোঁজার চেষ্টাও করেননি। অন্যদিকে, বার্মিংহামের মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ ৮০ হাজার। অর্থাৎ কর্মসংস্থানের বাইরে থাকা বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বার্মিংহামের মোট জনসংখ্যার চেয়ে প্রায় ৯০ হাজার বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে কর্মক্ষম বয়সী বিদেশি নাগরিকদের মধ্যে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা রেকর্ড ৮ লাখ ২৩ হাজারে পৌঁছেছে। এই সংখ্যা স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

অভিবাসীদের মধ্যে সরকারি কল্যাণ ভাতা গ্রহণের প্রবণতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্তদের পরিসংখ্যান প্রকাশের পর।

সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে যুক্তরাজ্যে আইএলআরধারী ২ লাখ ৩৫ হাজার ৭৬৬ জন ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণ করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় এই সংখ্যা ছিল আনুমানিক ১ লাখ ৫৩ হাজার ৩২০। অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময়ে ভাতা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে ৮২ হাজারের বেশি, যা ৫৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি।

সংস্থাটির দাবি, বর্তমানে প্রায় ১৩ লাখ বিদেশি নাগরিক ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণ করছেন। তবে তাদের মতে, এই পরিসংখ্যান প্রকৃত চিত্রের চেয়ে কম হতে পারে। কারণ, ব্রিটিশ নাগরিক হিসেবে শ্রেণিবদ্ধ কিছু মানুষের মধ্যেও অভিবাসী পটভূমির ব্যক্তিরা রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণকারী অভিবাসীদের প্রায় ৬০ শতাংশ কর্মসংস্থানের বাইরে রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা বিদেশি ভাতা গ্রহীতাদের মধ্যে সবচেয়ে বড় অংশ। মোট বিদেশি ভাতা গ্রহীতার প্রায় অর্ধেকই ইউরোপীয় নাগরিক।

শুধু অভিবাসী নয়, যুক্তরাজ্যে সব শ্রেণির মানুষের মধ্যে সরকারি ভাতা গ্রহণকারীর সংখ্যাও বেড়েছে। চলতি বছরের শুরুতে দেশটিতে ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণকারীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ ৮৩ লাখ ৬০ হাজারে পৌঁছায়।

এদিকে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের মে মাসে ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণকারী বিদেশি নাগরিকের সংখ্যা ২০ হাজার বেড়েছে বলে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসের (ডিডব্লিউপি) তথ্যের বরাত দিয়ে জানিয়েছে জিবি নিউজ।

ক্রমবর্ধমান কল্যাণ ভাতার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। দলটির বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া প্রায় পাঁচ লাখ অভিবাসী ভবিষ্যতে ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণ করতে পারেন।

কনজারভেটিভদের হিসাব বলছে, আগামী কয়েক বছরে প্রায় ১৪ লাখ অভিবাসী স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত অভিবাসীদের প্রতি তিনজনের একজন ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণ করছেন বলে দলটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

অভিবাসীদের ভাতা গ্রহণের বর্তমান হার অব্যাহত থাকলে ব্রিটিশ করদাতাদের বছরে অতিরিক্ত ৫২০ কোটি পাউন্ড ব্যয়ের মুখে পড়তে হতে পারে বলে দাবি করেছে কনজারভেটিভ পার্টি। তবে এটি সরকারি চূড়ান্ত হিসাব নয়; ভবিষ্যতে আইএলআর পাওয়া অভিবাসীর সম্ভাব্য সংখ্যা ও বর্তমান ভাতা গ্রহণের হার ধরে দলটির তৈরি করা একটি প্রাক্কলন।

লেবার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের অভিবাসন নীতিতে পরিবর্তনের সমালোচনা করে এই হিসাব প্রকাশ করেছে বিরোধী দলটি।

এর আগে মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, কেয়ার ওয়ার্কারদের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষার সময় ১৫ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হবে। হোম অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ১০ বিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে।

অন্যদিকে, ব্রিটেনের বাজেটবিষয়ক স্বাধীন সংস্থা অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি (ওবিআর) পূর্বাভাস দিয়েছে, ২০৩১-৩২ অর্থবছরে দেশটির মোট কল্যাণ ভাতার ব্যয় বেড়ে ৪৩১ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।

কনজারভেটিভ পার্টির ছায়া কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী হেলেন হোয়েটলি বলেছেন, দেশের পক্ষে ক্রমবর্ধমান কল্যাণ ভাতার ব্যয় বহন করা সম্ভব নয়। তার দাবি, যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণের পরিবর্তে দেশের অর্থনীতিতে অবদান রাখা উচিত।

তিনি বলেন, তাদের দল ব্রিটিশ নাগরিকদের কল্যাণ ব্যবস্থায় অগ্রাধিকার দিতে চায়। আইএলআর ও সীমিত মেয়াদের বসবাসের অনুমতি থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ইউনিভার্সেল ক্রেডিট ও অসুস্থতাজনিত ভাতা পাওয়ার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, এ ধরনের পরিবর্তনের মাধ্যমে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হতে পারে এবং ব্রিটিশ নাগরিকত্বের গুরুত্বও প্রতিষ্ঠিত হবে।

এদিকে, যুক্তরাজ্যে তরুণদের বেকারত্ব সংকট নিয়ে কাজ করা সাবেক লেবার মন্ত্রী অ্যালান মিলবার্ন নিয়োগদাতাদের অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।

জিবি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যে অভিবাসনের হার কমে আসায় দেশীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যেসব তরুণ কর্মহীন রয়েছেন, তাদের নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগদাতাদের উৎসাহিত করা উচিত।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

শরিয়া আইন ব্রিটেনে দখল নিচ্ছে নাঃ বিশেষজ্ঞরা বলছেন—আইনের সার্বভৌমত্ব অটুট

আয়ারল্যান্ডে বাড়িতে আগুনঃ দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু

রিস্টার্ট গ্রান্ট সম্পর্কে ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ীদের যা জানা দরকার

নিউজ ডেস্ক