ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন থেকে হেভিওয়েটদের মধ্যে বাদ পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় যেমন নতুন কিছু নাম চমক হিসেবে এসেছে, তেমনি অনুপস্থিত রয়েছেন দলের কয়েকজন পরিচিত ও প্রভাবশালী নেত্রী।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তালিকায় স্থান পাননি। সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। আলোচনায় থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপাও শেষ পর্যন্ত এই তালিকায় জায়গা করে নিতে পারেননি।
এ ছাড়া মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদও মনোনয়ন পাননি।
সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিয়েও জোর আলোচনা থাকলেও তিনি তালিকায় আসেননি। একইভাবে চীন সফরে বিএনপির সঙ্গে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনও মনোনয়ন পাননি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড ৩৬ জন প্রার্থী চূড়ান্ত করেছে।
মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এম.কে

