TV3 BANGLA
বাংলাদেশ

বিশ্বসেরা হার্ভার্ডে বিনা খরচে পড়ার সুযোগঃ বাংলাদেশিদের জন্য বোস্তানি এমবিএ বৃত্তি

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বোস্তানি ফাউন্ডেশনের অধীনে ২০২৬ সালের শরৎ (অটাম) সেশনের জন্য হার্ভার্ড বিজনেস স্কুলে এমবিএ প্রোগ্রামে স্কলারশিপের আবেদন উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশিরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বৈশ্বিক উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একটি ঐতিহাসিক অবস্থান তৈরি করেছে। হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম বিশ্বব্যাপী সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক শিক্ষার একটি হিসেবে স্বীকৃত। প্রতি দুই বছর অন্তর হার্ভার্ড বিজনেস স্কুলে দুই বছর মেয়াদি এমবিএ কোর্সের জন্য বোস্তানি ফাউন্ডেশন এই স্কলারশিপ দিয়ে থাকে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকায় রয়েছেন বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, জন এফ কেনেডি ও বারাক ওবামা, কূটনীতিক হেনরি কিসিঞ্জার, প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস ও মার্ক জাকারবার্গসহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি।

এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছেন ৮ জন মার্কিন প্রেসিডেন্ট, ১৫৮ জন নোবেল বিজয়ী, ১০ জন অস্কার বিজয়ী, ৪৮ জন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এবং ১০৮ জন অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ।

বাংলাদেশসহ নানা দেশের শিক্ষার্থীদের জন্য বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন উন্মুক্ত।
বোস্তানি ফাউন্ডেশনের এই এমবিএ স্কলারশিপের জন্য আবেদনকারীদের একাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আগে হার্ভার্ড এমবিএ প্রোগ্রাম থেকে আনুষ্ঠানিক ভর্তি অফার পেতে হবে।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মোট টিউশন ফি-এর ৭৫ শতাংশ বহন, ভ্রমণ ব্যয় প্রদান এবং বোস্তানি ফাউন্ডেশনের অধীনে দুই মাসের ইন্টার্নশিপের সুযোগ।

স্কলারশিপে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ছবিসহ একটি হালনাগাদ সিভি, জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন সেই প্রতিষ্ঠানের একটি স্বীকৃতিপত্রের চিঠি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো admissions@boustany-foundation.org। প্রাথমিকভাবে সিভি বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
বিশ্বসেরা ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপে এমবিএ করার এই সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ প্রথম আলো

এম.কে

আরো পড়ুন

আগামীতে গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে: মার্কিন রাষ্ট্রদূত

ইউটিবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনা, ফেসবুকে আলোচনা-সমালোচনা