TV3 BANGLA
আন্তর্জাতিক

বোমা হামলার হুমকিতে ইতালিতে আতঙ্কঃ একযোগে খালি করা হলো ৩০০ স্কুল

ইতালিতে একযোগে প্রায় ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে বেনামি ই-মেইল পাঠানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোতে এসব হুমকিমূলক বার্তা পৌঁছানোর পর শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে ভবনগুলো খালি করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল ব্যাপক তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো স্কুলে বিস্ফোরক পাওয়া যায়নি।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে পাঠানো ই-মেইলগুলোতে দাবি করা হয়, বিভিন্ন স্কুলের ভেতরে প্লাস্টিকের ব্যাগে শক্তিশালী বোমা রাখা হয়েছে। হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, কারাবিনিয়েরি এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের দ্রুত ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ইতালির ভেনেতো অঞ্চলে এ ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ভেনিসের লিসিও মার্কো পোলো ও লিসিও ফসকারিনি, মেস্ত্রের লিসিও জিওর্দানো ব্রুনো, পাদোভার লিসিও টিটো লিভিও এবং কাম্পোসাম্পিয়েরোর নিউটন-পের্টিনি স্কুলসহ পাদোভা, ত্রেভিজো, বেল্লুনো ও ভিসেঞ্জার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়।

তদন্তসংশ্লিষ্ট ডিআইজিওএস ও কারাবিনিয়েরি জানিয়েছে, প্রাথমিক তদন্তে এসব হুমকির সত্যতা পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। ফলে ঘটনাটিকে পরিকল্পিত ভুয়া বোমা আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা পরিস্থিতি নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, বাস্তব কোনো হামলার আশঙ্কা প্রায় নেই। ঘটনাটি সাইবার হামলার অংশ হতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

পরবর্তী সময়ে ইতালির শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, হুমকিমূলক ই-মেইলটি দেশটির প্রায় ৬ হাজার ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। তবে সব স্কুল খালি করা হয়নি। যেসব প্রতিষ্ঠানে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়, সেগুলোতেই শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে তল্লাশি চালানো হয়। অর্থাৎ, ই-মেইল পাওয়া স্কুলের সংখ্যা এবং খালি করা স্কুলের সংখ্যা এক নয়।

ই-মেইলটির ভাষা ছিল অত্যন্ত সহিংস। বার্তায় ইতালীয়দের বিরুদ্ধে গণহত্যা চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি স্কুল ভবনের ভেতরে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করা হয়। বার্তাটি পাঠানো হয় ‘মিখাইল আন্দ্রোপভ’ নাম ব্যবহার করে। নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও হত্যার হুমকি দেয়। তার গাড়ির ইঞ্জিনে বোমা রাখার দাবি করা হয় ওই বার্তায়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, এখন পর্যন্ত কোনো বাস্তব বিপদের প্রমাণ পাওয়া যায়নি। তার মতে, এসব হুমকির মূল উদ্দেশ্য আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরিস্থিতি পর্যালোচনায় তিনি মন্ত্রীদের নিয়ে বৈঠকও আহ্বান করেন। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তোও ঘটনাটিকে আতঙ্ক ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির একটি সম্ভাব্য কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তবে এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।

ঘটনাটির বিস্তার শুধু ইতালিতে সীমাবদ্ধ ছিল না। একই ধরনের হুমকিমূলক ই-মেইল উত্তর আয়ারল্যান্ডের ৩০০টির বেশি এবং স্কটল্যান্ডের প্রায় ৪৭০টি স্কুলে পাঠানো হয়। তবে পুলিশ এসব হুমকিকে বিশ্বাসযোগ্য মনে না করায় উত্তর আয়ারল্যান্ডের স্কুলগুলো খোলা রাখার পরামর্শ দেওয়া হয়। আয়ারল্যান্ডেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই ধরনের বার্তা পাঠানোর খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন বিমান সংস্থা, টেলিভিশন সম্প্রচারকেন্দ্র, সুপারমার্কেট ও অন্যান্য প্রতিষ্ঠানে একই ধরনের সাইবার হুমকি ও ভুয়া বোমা সতর্কবার্তার ঘটনা ঘটেছে। কয়েক দিন আগেও ইউরোপের একাধিক বাণিজ্যিক ফ্লাইটে বোমা হামলার ভুয়া হুমকি দেওয়া হয়েছিল, যার কারণে কিছু বিমানকে পথ পরিবর্তন করতে হয়। এসব ঘটনার সঙ্গে নতুন স্কুল-হুমকির কোনো সমন্বিত যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি, সংগঠন কিংবা বিদেশি রাষ্ট্রকে এসব ঘটনার জন্য দায়ী করা হয়নি। ইউরোপজুড়ে ধারাবাহিক এ ধরনের ঘটনায় সাইবার নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্রঃ এপি

এমকে

আরো পড়ুন

ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হতে হবেঃ ডোনাল্ড ট্রাম্প

মালয়েশিয়ার স্টোরে মোজায় আল্লাহর নাম, ৮৮ লাখ ডলারের মামলা

ডাক শুনে এআই বলে দেবে মুরগি উত্তেজিত, ক্ষুধার্ত বা ভীত কিনা!