15.3 C
London
August 22, 2026
TV3 BANGLA
স্পোর্টস

ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার

চলতি বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ধুয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রাউন্ড অব থার্টি-টু-এর ম্যাচে জাপান ব্রাজিলেকে হারিয়ে দেবে এবং এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে—এমন একটি গাণিতিক ভবিষ্যদ্বাণী করেছিলেন ক্লেমেন্ট।

তবে সোমবার (২৯ জুন) হিউস্টনে পিছিয়ে পড়েও জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে সেলেসাওরা। ব্রাজিলের এই জয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নেইমার খোঁচা দিয়ে লেখেন, মি. জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।

ক্লেমেন্টের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে নেইমারের এই রসিকতা সেখানেই থামেনি। কয়েক ঘণ্টা পর যখন অন্য একটি ম্যাচে নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তখন এই ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড গণিতবিদকে দ্বিতীয়বার আঘাত করে এক্স-এ লেখেন, আপনি আবারও ভুল করলেন।

উল্লেখ্য, এই জার্মান গণিতবিদ এর আগের তিনটি বিশ্বকাপের (২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা) সঠিক বিজয়ী নির্ধারণ করে বেশ আলোচনায় এসেছিলেন।

এবারের বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করার সময় ক্লেমেন্ট অবশ্য আগেই জানিয়েছিলেন যে, নিখুঁতভাবে বিজয়ী বেছে নেওয়া প্রায় অসম্ভব এবং কেউ যেন তার এই পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব সহকারে না নেয়। তিনি মূলত মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার, সমাজে ফুটবলের অবস্থান এবং ফিফা র‍্যাংকিংয়ের মতো বেশ কিছু চলক বা ভেরিয়েবল ব্যবহার করে একটি গাণিতিক মডেলের মাধ্যমে এই ফল তৈরি করেছিলেন।

এদিকে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোট বা অন্য কারণে চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন।

সূত্রঃ ইএসপিএন

এম.কে

আরো পড়ুন

রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতীয় এক আইনজীবীর

কাতার বিশ্বকাপের প্রাইজমানি কতো, কে কতো টাকা পাবে?

ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা