18.1 C
London
October 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য ইউরোপ ভ্রমণে নতুন বাধ্যতামূলক নিয়ম

ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য ইউরোপের প্রায় ৩০টি দেশে ভ্রমণে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন ব্যবস্থার আওতায় এসব দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের আগে ব্রিটিশ নাগরিকদের ইউরোপীয় ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএএসের অনুমতি নিতে হবে। অনুমতি না থাকলে স্পেন, ফ্রান্স, ইতালি এবং অন্যান্য নির্ধারিত দেশে প্রবেশের সময় তাদের ফিরিয়ে দেওয়া হতে পারে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, পোস্ট-ব্রেক্সিট ব্যবস্থার অংশ হিসেবে ইটিআইএএস চালু করা হচ্ছে। এর আওতায় ভিসামুক্ত দেশের নাগরিকদের নির্দিষ্ট ইউরোপীয় দেশগুলোতে প্রবেশের আগে অনলাইনে ভ্রমণ অনুমোদন নিতে হবে।

ইটিআইএএস অনুমোদন থাকলে ভ্রমণকারীরা সংশ্লিষ্ট দেশগুলোতে স্বল্পমেয়াদি অবস্থানের জন্য প্রবেশ করতে পারবেন। সাধারণভাবে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের নিয়ম প্রযোজ্য হবে।

প্রথমদিকে ইটিআইএএসের আবেদন ফি প্রায় ৭ ইউরো নির্ধারণের কথা থাকলেও পরে তা বাড়িয়ে প্রায় ২০ ইউরো করা হয়েছে। তবে ১৮ বছরের কম বয়সী এবং ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। ফলে দুই শিশুসহ চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে মোট ফি হবে ৪০ ইউরো।

ইটিআইএএস অনুমোদন প্রয়োজন হবে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিশটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইটিআইএএস চালুর সময় কয়েক দফা পিছিয়েছে। বর্তমানে আগামী কয়েক মাসের মধ্যে এটি চালুর প্রত্যাশা করা হচ্ছে। অনুমোদনটি ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে ইলেকট্রনিকভাবে যুক্ত থাকবে।

অধিকাংশ আবেদন প্রায় সঙ্গে সঙ্গেই অনুমোদিত হওয়ার প্রত্যাশা করা হলেও কোনো আবেদনপত্রে সমস্যা শনাক্ত হলে তা প্রত্যাখ্যাত হতে পারে। ভুল বা অবৈধ পাসপোর্ট, নিরাপত্তাঝুঁকি হিসেবে বিবেচিত হওয়া, শেনজেন ইনফরমেশন সিস্টেমে সতর্কতা থাকা, অসম্পূর্ণ আবেদন অথবা প্রয়োজনীয় সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ার মতো কারণে আবেদন প্রত্যাখ্যান হতে পারে।

তবে ইটিআইএএসের আবেদন প্রত্যাখ্যাত হলে আবেদনকারীকে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিগ বেনে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানঃ দুর্বল দৃষ্টিশক্তিতে স্থগিত হলো ১৪ মাসের কারাদণ্ড

বহু আশ্রয়প্রার্থীদের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল নয় হোম অফিস

যুক্তরাজ্য এআই এবং লাইফ সাইন্স কর্মীদের আকৃষ্ট করতে ভিসানীতি পর্যালোচনা করবে