TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে এসাইলাম পেয়ে নাগরিকত্বঃ জার্মানিতে ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগ

ব্রিটেনে আশ্রয় পাওয়ার পর জার্মানিতে ইহুদিদের ওপর বড় ধরনের হামলা চালানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে হামাসের সাবেক এক নেতার দেহরক্ষীর বিরুদ্ধে। জার্মান পুলিশের দাবি, হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যক্তি বার্লিন ও ভিয়েনার সিনাগগসহ ইহুদি ধর্মীয় ও সামাজিক কেন্দ্রগুলোতে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন। তবে এ অভিযোগের বিচার এখনো সম্পন্ন হয়নি।

অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলফাতিহ নাইম, যিনি মোহাম্মদ আলফাতিহ নামেও পরিচিত। ৪০ বছর বয়সী এই ব্যক্তি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ইংল্যান্ডের বার্মিংহামে বসবাস করতেন। জার্মান কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইউরোপের মূল ভূখণ্ডে প্রথম হামাস-সংশ্লিষ্ট হামলা চালানোর পরিকল্পনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৫ সালের ১ অক্টোবর হামলার পরিকল্পনা বাস্তবায়নের এক সপ্তাহ আগে জার্মান পুলিশ সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ষড়যন্ত্রটি শনাক্ত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জার্মান প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৫ সালের ২৮ জুলাই আলফাতিহ বার্মিংহাম থেকে জার্মানির বার্লিনে যান। সেখানে হাসেনহাইড পার্কে এক সহযোগীর কাছ থেকে পাঁচটি গুলিভর্তি আধা-স্বয়ংক্রিয় পিস্তল সংগ্রহ করেন। পরে অস্ত্রগুলো প্রায় ৩২০ মাইল দূরে অস্ট্রিয়ার ভিয়েনায় নিয়ে একটি ভাড়া করা গুদামে লুকিয়ে রাখেন। সেখানে মুখোশ, গ্লাভস ও সামরিক ধাঁচের পোশাকও রাখা হয়েছিল।

জার্মান কর্তৃপক্ষের দাবি, আলফাতিহ মুখোশ পরে দুটি পিস্তল সামনে রেখে একটি ভিডিও ধারণ করেছিলেন। ওই ভিডিওতে তিনি হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার কথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রক্তাক্ত বার্তা দেওয়ার কথাও ভিডিওতে উল্লেখ করেন বলে অভিযোগ।

অস্ত্র পৌঁছে দেওয়ার পর আলফাতিহ ব্রিটেনে ফিরে আসেন এবং হামলার পরিকল্পনা চলতে থাকে। ১ অক্টোবর জার্মান পুলিশ মূল সন্দেহভাজনদের গ্রেপ্তার করার পাশাপাশি যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ আলফাতিহকে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের সন্দেহে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি দেওয়া হয় এবং নিরাপত্তা সংস্থার নজরদারিতে রাখা হয়।

এর কয়েক দিন পর নিজের বাড়ির বাইরে এক ঋণ আদায়কারীর সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েন আলফাতিহ। ওই সময় তাকে গ্রেপ্তার করা হয়। বাড়িটির ওপর নজরদারি চালানো সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা ঘটনাটি ভিডিওতে ধারণ করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ঋণ আদায়কারীর ওপর হামলার ঘটনায় আলফাতিহের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার হয়। শুক্রবার জুরি বোর্ড তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগ থেকে খালাস দিলেও জখম করা, ধারালো অস্ত্র বহনের দুটি অভিযোগ এবং সম্পত্তির ক্ষতিসাধনের একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। ছয় ঘণ্টার বেশি আলোচনার পর ১০-২ সংখ্যাগরিষ্ঠতায় রায় দেওয়া হয়। আগামী ১১ জানুয়ারি তার সাজা ঘোষণা করা হবে।

এদিকে, ওই মামলার বিচার চলাকালে প্রকাশিত হয়েছে, আলফাতিহ একসময় হামাসের প্রয়াত নেতা ইসমাইল হানিয়ার প্রধান দেহরক্ষী ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০০৬ সালের বিভিন্ন ছবিতে গাজায় হানিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করতে তাকে দেখা যায়। ২০২৪ সালে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় হানিয়া নিহত হন।

আলফাতিহ জার্মানির এরলাঙ্গেনে জন্মগ্রহণ করেন। তার বাবা বাসেম নাইম একজন চিকিৎসক ও হামাসের জ্যেষ্ঠ রাজনীতিক এবং মুখপাত্র। ২০০৬ সালে হামাস গাজায় ক্ষমতায় আসার পর তার বাবা স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পান এবং পরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

আলফাতিহ আদালতে নিজের শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরে দাবি করেন, গাজায় ইসরায়েলি দখলদারত্বের মধ্যে বড় হওয়ার কারণে তিনি মানসিক আঘাতের শিকার হয়েছেন। তার বক্তব্য, ২০০৩ সালে স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি সেনাদের গুলিতে তার এক ভাই নিহত হন এবং তিনি নিজেও পায়ে গুলিবিদ্ধ হন। তবে দ্য টেলিগ্রাফের সূত্রের দাবি, নিহত ভাই হামাসের একজন যোদ্ধা ছিলেন এবং গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা যান।

২০১৪ সালে গাজা ছেড়ে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন আলফাতিহ এবং আশ্রয়ের আবেদন করেন। পরের বছর তার আবেদন মঞ্জুর হয়। ২০১৬ সালে তার স্ত্রী ফাইরুজ, যিনি পেশায় একজন নার্স, যুক্তরাজ্যে তার সঙ্গে যোগ দেন। ২০২০ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পান। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রীতি প্যাটেল।

তবে তার যুক্তরাজ্যে আসার সময় নিয়েও প্রশ্ন উঠেছে। আলফাতিহ দাবি করেছিলেন, ২০১৪ সালে তিনি ব্রিটেনে আসেন। কিন্তু অনলাইনে প্রকাশিত তার একটি জীবনবৃত্তান্তে ২০০৯ সালে যুক্তরাজ্যে এসে লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা শুরুর কথা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে তার ভর্তি হওয়ার কোনো রেকর্ড নেই এবং ওই বিষয়ে স্নাতক কোর্সও চালু ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১০ সালে মিসরে অবস্থানকালে হামাসের একটি সুড়ঙ্গ পরিচালনার সন্দেহে দেশটির নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছিল। অভিযোগ ছিল, ওই পথ ব্যবহার করে গাজায় স্বর্ণ ও নগদ অর্থ পাচার করা হতো। তবে আলফাতিহ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলে তাকে অপহরণ ও নির্যাতন করা হয়েছিল।

যুক্তরাজ্যে বসবাসের সময় আলফাতিহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন বলে দাবি করেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনপন্থী বিক্ষোভেও অংশ নেন এবং কয়েকটি সমাবেশে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে জার্মান কর্তৃপক্ষের অভিযোগ, এসব কর্মকাণ্ডের আড়ালে তিনি ইউরোপের ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।

জার্মান প্রসিকিউটরদের দাবি, গত বছর আলফাতিহ প্রায় ৪০টি বিমানে ভ্রমণ করেন এবং অন্তত পাঁচবার জার্মানিতে যান। তার কাছে হামাসের বিপুল অর্থের তহবিল ব্যবহারের সুযোগ ছিল বলেও অভিযোগ করেছে জার্মান কর্তৃপক্ষ।

আলফাতিহের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে জার্মানিতে বিচারের জন্য প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তবে ব্রিটেনে ঋণ আদায়কারীর ওপর হামলার মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যর্পণ প্রক্রিয়া স্থগিত ছিল। এখন সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ব্যক্তিগত মামলা বা চলমান নিরাপত্তা কার্যক্রম নিয়ে তারা সাধারণত মন্তব্য করেন না। তবে দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

ইমিগ্র্যান্ট সংখ্যা কমছে, তবু ব্রিটেনে অভিবাসন ইস্যু এখনো রাজনীতির কেন্দ্রবিন্দু

ভিসা আইন কঠোরতায় বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞার মুখে নিয়োগকর্তারা

যুক্তরাজ্যে কর্মীদের কাজে দক্ষতা আনয়নের জন্য সরকারের সাহায্য প্রয়োজনঃ গবেষণা