18.4 C
London
October 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ওষুধ নিতে ফার্মেসিতে বারবার যাওয়া কমবেঃ এনএইচএস অ্যাপের নতুন সুবিধা

ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের প্রেসক্রিপশন ব্যবস্থায় নতুন সুবিধা চালু করা হচ্ছে। এর আওতায় এনএইচএস অ্যাপ ব্যবহারকারীরা তাদের ওষুধ সংগ্রহের জন্য প্রস্তুত হলে মোবাইল ফোন বা স্মার্টওয়াচে তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন। এতে ওষুধ প্রস্তুত হওয়ার আগেই ফার্মেসিতে যাওয়ার ঝামেলা কমবে এবং রোগীদের সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে।

দ্য সানের ১৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের প্রায় ২ হাজার ৫০০টি ফার্মেসিতে এই নোটিফিকেশন সেবা চালু হচ্ছে। এর মধ্যে আসডা ও বুটসের মতো বড় প্রতিষ্ঠানের ভেতরে থাকা ফার্মেসিও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে ৩ হাজার ২০০টির বেশি স্থানে এই পরিবর্তনের সুবিধা পৌঁছানোর কথা উল্লেখ করা হয়েছে।

নতুন সুবিধা পেতে এনএইচএস অ্যাপের সেটিংসে গিয়ে পুশ নোটিফিকেশন চালু করতে হবে। ওষুধ সংগ্রহের জন্য প্রস্তুত হলে ব্যবহারকারীর ফোন বা স্মার্টওয়াচে সতর্কবার্তা আসবে। ফলে বারবার অ্যাপ খুলে দেখতে হবে না, কিংবা ওষুধের অবস্থা জানতে ফার্মেসিতে ফোনও করতে হবে না।

স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জেমস ফ্রিথ বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এনএইচএসের সেবা গ্রহণের অভিজ্ঞতা উন্নত করতে পারে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ফোনকল কমিয়ে ফার্মেসির কর্মীদের সময় বাঁচানো সম্ভব হবে। এতে তারা রোগীদের সহায়তা দেওয়ার কাজে আরও বেশি সময় দিতে পারবেন।

এনএইচএস ইংল্যান্ডের ডিজিটাল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রধান রব থম্পসন বলেন, নতুন নোটিফিকেশন ব্যবস্থা রোগীদের নিজেদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও নিয়ন্ত্রণ দেবে। পাশাপাশি ফার্মেসির প্রশাসনিক কাজও কমাতে সাহায্য করবে। তিনি এনএইচএস অ্যাপ ব্যবহারকারীদের নোটিফিকেশন চালু করার আহ্বান জানান।

এর আগে এনএইচএস অ্যাপে ‘অ্যামাজন-ধাঁচের’ প্রেসক্রিপশন ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছিল। এর মাধ্যমে রোগীরা তাদের ওষুধের অগ্রগতি দেখতে পারেন। যেমন, ওষুধ সংগ্রহের জন্য প্রস্তুত হয়েছে কি না, অথবা সরবরাহের জন্য ফার্মেসি থেকে পাঠানো হয়েছে কি না। প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের প্রায় এক-তৃতীয়াংশ ফার্মেসিতে এই ট্র্যাকিং সুবিধা পাওয়া যাচ্ছে।

রোগীদের অধিকার নিয়ে কাজ করা পেশেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী র‍্যাচেল পাওয়ার বলেন, এই নোটিফিকেশন রোগীদের জন্য আরও সুবিধাজনক ও সহজলভ্য সেবা নিশ্চিত করতে পারে। ওষুধ কখন সংগ্রহের জন্য প্রস্তুত, তা সহজে জানা গেলে অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং সময় সাশ্রয় হবে।

তবে যেসব রোগী ডিজিটাল সেবা ব্যবহার করতে পারেন না, তাদের জন্য বিকল্প উপায়ে তথ্য ও সহায়তা পাওয়ার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন র‍্যাচেল পাওয়ার।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে অবৈধ অভিবাসী দিয়ে মাদক উৎপাদনঃ ধরা পড়ল ক্যানাবিস ফার্ম

ব্রিটেনে মৃত্যু সহায়তা বিল ঠেকিয়ে দিল পার্লামেন্টঃ বিপক্ষে মুসলিম এমপিদের বড় অংশ

ইউরোপের মধ্যে কর্মক্ষেত্রে মানসিক চাপ ভয়াবহ যুক্তরাজ্যে