19.1 C
London
September 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে পিআইপি সংস্কারের প্রস্তাবঃ নগদ অর্থের বদলে সরঞ্জাম, প্রশিক্ষণ বেছে নেওয়ার সুযোগ

ব্রিটেনে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিগত স্বাধীনতা ভাতা বা পিআইপি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। সরকারি উপদেষ্টাদের একটি বিশেষজ্ঞ কমিটি বলেছে, কিছু দাবিদারকে পুরো অর্থ নগদে দেওয়ার পরিবর্তে ভাতার একটি অংশের সমমূল্যের বিশেষায়িত সরঞ্জাম, সহায়ক উপকরণ, বিভিন্ন সেবা অথবা দক্ষতা ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
প্রস্তাবিত ব্যবস্থায় পিআইপি আয় বা সম্পদের ভিত্তিতে নির্ধারিত হবে না এবং নগদ অর্থই ভাতার মূল ভিত্তি হিসেবে থাকবে। তবে দাবিদারদের প্রয়োজন অনুযায়ী নগদ অর্থের একটি অংশের পরিবর্তে ব্যবহারিক সহায়তা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
বর্তমানে প্রয়োজনের মাত্রা অনুযায়ী পিআইপি’র সাপ্তাহিক অর্থ ৩০ দশমিক ৩০ পাউন্ড থেকে ১৯৪ দশমিক ৬০ পাউন্ড পর্যন্ত। ভাতাটি প্রতিবন্ধিতার কারণে অতিরিক্ত ব্যয়, যেমন জ্বালানি, যাতায়াত ও খাবারের খরচ মেটাতে সহায়তা করে।
বিশেষজ্ঞ কমিটির এসব প্রস্তাব সরকারের চলমান স্টিফেন টিমস পর্যালোচনার অংশ। পিআইপি ব্যবস্থার ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে এই পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যে এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
কমিটি জানিয়েছে, পিআইপি’র ব্যয় কমানোর কোনো প্রস্তাব তারা দেয়নি। বর্তমানে পিআইপি খাতে বছরে প্রায় ২৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়। তবে সংস্কারগুলোকে ২০২৯ সালের মধ্যে পিআইপি’র জন্য নির্ধারিত প্রায় ৪১ বিলিয়ন পাউন্ডের ব্যয়-পরিকল্পনার মধ্যে রাখতে হবে।
পিআইপি ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনৈতিক ও গণমাধ্যমের আলোচনায় মূলত ব্যয়ের বিষয়টি গুরুত্ব পেলেও বিশেষজ্ঞ কমিটি দাবিদারদের অভিজ্ঞতা উন্নত করা এবং অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনে আরও কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।
প্রস্তাবিত সুপারিশের মধ্যে মরণাপন্ন অসুস্থতায় আক্রান্ত নতুন দাবিদারদের দ্রুত পিআইপি পাওয়ার জন্য দ্রুত অনুমোদন প্রক্রিয়া চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে আজীবন স্থায়ী বা ক্রমশ অবনতিশীল শারীরিক অবস্থায় থাকা ব্যক্তিদের বারবার ভাতা পুনর্মূল্যায়নের সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছে।
হাসপাতালে টানা ২৮ দিনের বেশি অবস্থান করলে কোনো ব্যক্তির পিআইপি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হওয়ার নিয়মও পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটির মতে, এই নিয়ম কঠোর এবং দাবিদারদের জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে।
মানসিক অসুস্থতার মতো ওঠানামা করা স্বাস্থ্যগত সমস্যাগুলোর প্রভাব আরও যথাযথভাবে বিবেচনা করার জন্য পিআইপি মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
কমিটি বলেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অতিরিক্ত ব্যয় মেটানোর পাশাপাশি পিআইপি তাদের স্বাধীনভাবে জীবনযাপন, পছন্দের সুযোগ, মর্যাদা ও নিজেদের জীবনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করা উচিত।
প্রস্তাব অনুযায়ী, ব্যক্তির প্রয়োজনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য রেখে পিআইপি সহায়তা দেওয়া হবে। কর্মসংস্থান, পরিচর্যা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে আরও বিস্তৃত ধরনের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
১২ সদস্যের বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির অধিকাংশ সদস্যের নিজেদের প্রতিবন্ধিতা অথবা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যার অভিজ্ঞতা রয়েছে। গত বছর লেবার সরকারের প্রতিবন্ধী ভাতা কমানোর পরিকল্পনা ব্যাপক বিরোধিতার মুখে বাতিল হওয়ার পর পিআইপি ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে এই কমিটি কাজ করছে।
২০২৫ সালের গ্রীষ্মে লেবার সরকারের প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের কল্যাণ ভাতা কমানোর পরিকল্পনার বিরুদ্ধে দলের পেছনের সারির এমপিদের বিদ্রোহের পর সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের আয় কমে যাওয়ার এবং কয়েক লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
এরপর পিআইপি নিয়ে পরিচালিত পর্যালোচনার অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, বর্তমান ব্যবস্থা উদ্দেশ্য অনুযায়ী কার্যকর নয় এবং অনেক দাবিদার নিজেদের সহায়তা পাওয়ার পরিবর্তে মানবিক মর্যাদা হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে অনুভব করেন।
ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৪০ লাখ মানুষ পিআইপি গ্রহণ করেন। এই ভাতা পাওয়ার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সম্পর্ক নেই এবং দাবিদারদের প্রায় ছয় ভাগের এক ভাগ বর্তমানে কর্মরত রয়েছেন।
বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এসব সুপারিশ এখনো চূড়ান্ত নয়। যুক্তরাজ্যজুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে আগামী কয়েক সপ্তাহে কর্মশালা আয়োজন করে প্রস্তাবগুলোর ন্যায্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।
পিআইপি’র নগদ অর্থের একটি অংশের পরিবর্তে সেবা দেওয়ার প্রস্তাব নিয়ে প্রতিবন্ধী অধিকারকর্মীদের মধ্যে আপত্তি তৈরি হওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গুড গ্রোথ ফাউন্ডেশন নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে পিআইপি গ্রহণকারীদের প্রায় অর্ধেক নগদ অর্থের একটি অংশের পরিবর্তে দক্ষতা ও প্রশিক্ষণ, বাড়িতে প্রয়োজনীয় পরিবর্তন অথবা থেরাপির মতো সেবা গ্রহণের নীতিকে সমর্থন করেছেন।
এদিকে সাবেক লেবার এমপি অ্যালান মিলবার্নের নেতৃত্বে তরুণদের কর্মসংস্থান সংকট নিয়ে পরিচালিত পৃথক পর্যালোচনাতেও এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে। মিলবার্ন বলেছেন, তরুণদের জন্য ভাতায় ব্যয় করা কিছু অর্থ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ব্যবহার করা উচিত।
ব্রিটেনের কর্ম ও পেনশন বিভাগ জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত নয়। বিভাগের একজন মুখপাত্র বলেন, পর্যালোচনার চূড়ান্ত প্রতিবেদন শরৎকালে মন্ত্রীর কাছে দেওয়া হবে এবং তিনি চূড়ান্ত প্রস্তাবগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন।
বিভাগটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত মানুষকে স্বাধীনভাবে জীবনযাপনে সহায়তা করা এবং একই সঙ্গে কল্যাণ ভাতা ব্যবস্থাকে ন্যায্য, টেকসই ও ভবিষ্যতের উপযোগী করে তোলাই সরকারের লক্ষ্য।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

আরো পড়ুন

ব্রিটেনে ১০ বছরের বিজনেস ভিজিটর ভিসার সুযোগ

ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান

ফান্ডের অভাবে বন্ধ হয়ে যাবে ইংল্যান্ডের ৯০ শতাংশ স্কুল

অনলাইন ডেস্ক