19.4 C
London
September 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ম্যানচেস্টারে ধর্ষণ তদন্তের মধ্যে পালালেন বাড়িওয়ালাঃ খুঁজছে পুলিশ

ধর্ষণের অভিযোগে তদন্তাধীন ব্রিটেনের এক বাড়িওয়ালা পুলিশি জামিনে থাকা অবস্থায় ইউকে ছেড়ে ক্যামেরুনে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। ৪১ বছর বয়সী নদুমবে আচিলে নদুমবে নামের ওই ব্যক্তিকে বর্তমানে খুঁজছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তাকে ব্রিটেনে ফিরিয়ে আনতে ক্যামেরুনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

‘দ্য টাইমস’-এর বরাত দিয়ে জিবি নিউজ জানিয়েছে, নদুমবে এর আগে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তদন্ত চলাকালে তাকে পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়। পরে চলতি বছরের জানুয়ারিতে তিনি ম্যানচেস্টার বিমানবন্দর থেকে ক্যামেরুনের উদ্দেশে ব্রিটেন ত্যাগ করেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, নদুমবে এর আগে ব্রিটেন ও ক্যামেরুনের মধ্যে একাধিকবার যাতায়াত করেছিলেন। এ কারণে তদন্ত চলাকালে তাকে পাসপোর্ট রেখে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

নদুমবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পাশাপাশি সরকারি আবাসন ভাতা নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগও রয়েছে। তিনি গ্রেটার ম্যানচেস্টার এলাকায় ছয়টি হাউস ইন মাল্টিপল অকুপেশন বা এইচএমও পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, নিজের সম্পদের পুরো তথ্য প্রকাশ না করে তিনি সর্বোচ্চ প্রায় ১ লাখ ৮০ হাজার পাউন্ড আবাসন সুবিধা নিয়েছেন।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি তার কাছ থেকে ওই অর্থ পুনরুদ্ধারের জন্য প্রসিডস অব ক্রাইম অর্ডারও নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জরিমানাসহ করদাতাদের কাছে তার মোট পাওনা প্রায় ২ লাখ পাউন্ড বলে দাবি করা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ নদুমবেকে গ্রেপ্তার করে। সে সময় তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ভিডিও ক্যামেরাসহ বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। তদন্তকারীরা এসব ডিভাইস পরীক্ষা করার পর অন্য নারীদের সঙ্গে সম্ভাব্য যৌন অপরাধের তথ্য পাওয়ার কথা জানা যায়। এরপর তদন্ত আরও বিস্তৃত করা হয়।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নদুমবের বিরুদ্ধে এখনো ধর্ষণের অভিযোগে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি এবং তিনি কোনো অপরাধে আদালতে দোষী সাব্যস্তও হননি। তিনি বর্তমানে তদন্তাধীন রয়েছেন।

এদিকে নদুমবের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন দুটি সম্পত্তি লেই এলাকায় প্রয়োজনীয় এইচএমও লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ার অভিযোগে মোট ২৬ হাজার ৪৮৬ পাউন্ড জরিমানা করা হয়েছিল। তিনি ওই জরিমানার বিরুদ্ধে আপিল করেন। পরে ফার্স্ট-টিয়ার ট্রাইব্যুনাল ১২ হাজার ২৪৩ পাউন্ড ও ১৪ হাজার ২৪৩ পাউন্ডের দুটি জরিমানা বহাল রাখে।

ট্রাইব্যুনালে নদুমবে দাবি করেছিলেন, সম্পত্তিগুলো এইচএমও হিসেবে গণ্য হওয়ার শর্ত পূরণ করে না এবং যথেষ্ট প্রমাণ ছাড়াই উইগান কাউন্সিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত তার পক্ষে যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নদুমবে ব্রিটেনের বাইরে থাকা অবস্থায় প্রতি মাসে প্রায় ২০০ পাউন্ড পর্যন্ত পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট বা পিআইপি দাবি করে থাকতে পারেন। মানসিক স্বাস্থ্য সমস্যা ও পিঠের সমস্যার কথা উল্লেখ করে এই সুবিধা নেওয়ার দাবি করা হয়েছিল।

ডিডব্লিউপি জানিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তি ব্রিটেন ছাড়ার পর সর্বোচ্চ ১৩ সপ্তাহ পর্যন্ত পিআইপি চালু থাকতে পারে। তবে নদুমবে ক্যামেরুনে অবস্থানকালে বাস্তবে এই অর্থ পেয়েছেন কি না, সে বিষয়ে বিভাগটি কোনো মন্তব্য করেনি।

নদুমবের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০০৭ সালে ব্রিটেনে আসেন এবং পরবর্তী সময়ে ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএসে মানসিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে কাজ করেন। তবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল জানিয়েছে, তিনি বর্তমানে নার্স, মিডওয়াইফ বা নার্সিং অ্যাসোসিয়েট হিসেবে নিবন্ধিত নন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের তদন্তে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি এখনো তদন্তের আওতায় রয়েছেন। তদন্ত সক্রিয়ভাবে চলছে এবং বিশেষায়িত সংস্থাগুলো অভিযোগকারীদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

সূত্রঃ জিবি নিউজ, দ্য টাইমস, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ, ডিডব্লিউপি ও নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল

এমকে

আরো পড়ুন

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য শীর্ষ বৈঠক, ৪০ দেশের সম্মেলনের প্রস্তুতি

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাসাইনমেন্ট জালিয়াতি এখন ‘ওপেন সিক্রেট’

নিউজ ডেস্ক

অভিবাসনের কারণে যুক্তরাজ্যে গৃহযুদ্ধ আসন্নঃ এলন মাস্ক