TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রেক্সিটের পর ইইউতে ফেরার স্বপ্নে ধাক্কাঃ এবার বিপক্ষে অবস্থান টনি ব্লেয়ার ও ডেভিড ক্যামেরনের

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগ দেওয়ার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একসময় ইইউতে থাকার পক্ষে জোরালো অবস্থান নেওয়া ব্রিটেনের দুই সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ডেভিড ক্যামেরন এখনই ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার উদ্যোগের বিরোধিতা করেছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে পুনরায় ইইউতে যোগ দেওয়ার চেয়ে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া উচিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরেছেন সাংবাদিক জন রেনটুল।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি ব্লুমবার্গের সাংবাদিক মিশাল হুসেইনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ব্রিটেনের এখনই ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিতর্ক শুরু করা উচিত নয়। কারণ, এ ধরনের আলোচনা দীর্ঘ ও বেদনাদায়ক রাজনৈতিক প্রক্রিয়ায় পরিণত হতে পারে।

ক্যামেরনের মতে, ব্রিটেনের উচিত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সবচেয়ে ভালো বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে সম্পর্ক গড়ে তোলা। তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাস্টমস ইউনিয়নে যুক্ত হওয়াও যে সঠিক সমাধান হবে, তা নিশ্চিত নয়।

২০১৬ সালে ব্রেক্সিট গণভোট আয়োজন করেছিলেন ক্যামেরন। গণভোটে ইইউ ত্যাগের পক্ষে রায় আসার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। অথচ ওই গণভোটে তিনি নিজেই ইইউতে থাকার পক্ষে প্রচার চালিয়েছিলেন।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও গত মে মাসে একই ধরনের সতর্ক অবস্থান তুলে ধরেন। তার বক্তব্য ছিল, বর্তমান কাঠামোয় ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার আগে ব্রিটেনের উচিত ইউরোপীয় ইউনিয়নের কাঠামো ও নীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে কাজ করা।

ব্লেয়ারের মতে, ব্রিটেনের অর্থনীতি শক্তিশালী না করে ইইউতে পুনরায় যোগ দেওয়ার আলোচনা শুরু করা ঠিক হবে না। শক্তিশালী অর্থনৈতিক অবস্থান থেকেই ইউরোপের সঙ্গে আলোচনায় বসা উচিত।

ব্লেয়ারের যুক্তি, ব্রিটেন ইইউ ছাড়ার পর ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা কমেছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবকে উৎসাহিত করার পরিবর্তে ইউরোপের নিয়ন্ত্রণমূলক নীতিগুলো এই প্রযুক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

ক্যামেরনও ব্রিটেনের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য ব্রেক্সিটকে দায়ী করতে রাজি নন। তার দাবি, অতিরিক্ত সরকারি ব্যয়, ঋণ, করের বোঝা, অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং কর্মক্ষম বয়সীদের কল্যাণ ভাতায় বেশি অর্থ ব্যয়—এসবই ব্রিটেনের অর্থনৈতিক সমস্যার বড় কারণ। এসব সমস্যার সঙ্গে ব্রেক্সিটের সরাসরি সম্পর্ক নেই বলে তিনি মনে করেন।

ক্যামেরনের আরেকটি যুক্তি হলো, ব্রিটেন যদি এখনই প্রকাশ্যে ইইউতে পুনরায় যোগ দেওয়ার ইচ্ছা জানায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আলোচনায় কঠোর অবস্থান নিতে পারে। তাদের ধারণা হতে পারে, ব্রিটেন শেষ পর্যন্ত এমনিতেই ফিরে আসবে। ফলে ব্রিটেনের জন্য ভালো কোনো অংশীদারত্ব চুক্তি দেওয়ার প্রয়োজন তারা অনুভব নাও করতে পারে।

তবে এই যুক্তির সঙ্গে পুরোপুরি একমত নন বিশ্লেষক জন রেনটুল। তার মতে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আগ্রহী যেকোনো দেশের ক্ষেত্রেই এমন যুক্তি প্রযোজ্য হতে পারে।

তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, ১৯৬৩ ও ১৯৬৭ সালে ব্রিটেনের ইইউতে যোগ দেওয়ার প্রচেষ্টায় তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গলের বিরোধিতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ, শুধু ব্রিটেনের ইচ্ছা থাকলেই ইইউতে ফিরে যাওয়া সম্ভব নয়; সদস্য দেশগুলোর সম্মতিও প্রয়োজন।

এদিকে, ব্রিটেনের ইইউবিরোধী রাজনীতিক নাইজেল ফারাজ ক্যামেরনের বক্তব্যের সঙ্গে নিজের অবস্থানের মিল থাকার বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, শুধু বক্তব্যের কিছু অংশ দেখে তাদের একই রাজনৈতিক অবস্থানের মানুষ মনে করা ঠিক হবে না।

তবে ফারাজও স্বীকার করেছেন, ব্রিটেনের অর্থনীতির যেসব খাত ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানি করে, সেগুলোর জন্য ব্রেক্সিটের পর ব্যবসা করা কঠিন হয়েছে। বিশেষ করে ঝিনুক ও গরুর মাংস রপ্তানির ক্ষেত্রে বাড়তি জটিলতা তৈরি হয়েছে বলে তিনি স্বীকার করেন।

বিশ্লেষক জন রেনটুলের মতে, ব্রিটেনের ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়টি সমর্থকদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল এবং দীর্ঘমেয়াদি হতে পারে। দুই সাবেক প্রধানমন্ত্রীর সতর্ক অবস্থান থেকে স্পষ্ট, ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রশ্নে ব্রিটেনের সামনে এখনো বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

অর্থনীতি নাকি নিরাপত্তা—চীন ইস্যুতে স্টারমার সরকারের সিদ্ধান্ত ঘিরে তর্ক

রাজা চার্লসের কয়েক দশকের প্রেম, কে এই ক্যামিলা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বাধ্যতামূলক সামরিক সেবা ফেরানোর বিরোধিতায় ১৩ সংগঠনের পিটিশন