9.4 C
London
May 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভরাডুবির পরও মাঠ ছাড়বেন না স্টারমারঃ ‘আমি লড়াই চালিয়ে যাব’

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা তার নেতৃত্ব নিয়ে ‘সন্দেহ’ পোষণ করছেন, তিনি তাদের ভুল প্রমাণ করবেন এবং কোনো অবস্থাতেই “মাঠ ছেড়ে যাবেন না”।

বৃহস্পতিবারের নির্বাচনী বিপর্যয়ের পর লেবার পার্টির অভ্যন্তরেই নেতৃত্ব পরিবর্তনের দাবি জোড়ালো হয়েছে। এই পরিস্থিতিতে এক প্রশ্নের জবাবে স্টারমার বলেন, “আমি মাঠ ছেড়ে যাব না।” নিজের অবস্থানের পুনর্ব্যক্তি দিয়ে তিনি আরও বলেন, ব্রিটেন একটি “যৌক্তিক, সহনশীল এবং মার্জিত দেশ” এবং “এই ব্রিটেনের জন্যই আমি লড়াই চালিয়ে যাব।”

প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তার সরকার কিছু ভুল করেছে। তিনি বলেন, “অবশ্যই, অন্য সব সরকারের মতো আমরাও ভুল করেছি। তবে আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পেরেছি। আমি বলতে চাচ্ছি, আমরা যদি অন্য দলগুলোর পরামর্শ শুনতাম, তবে এই মুহূর্তে আমরা ইরানের সাথে একটি অচলাবস্থায় আটকে থাকতাম এবং এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়তাম যা আমাদের স্বার্থে নেই – আর আমি কখনোই তা হতে দেব না।”

নির্বাচনী ফল প্রসঙ্গে স্টারমার জানান, এই হার তার জন্য বেশ বেদনাদায়ক। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “এটি আমাকে কষ্ট দিয়েছে। আমি মানুষের আবেগ বুঝতে পারছি এবং নিজেও তা অনুভব করছি।”

তবে দলের ভেতরের অস্থিরতা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সরাসরি স্টারমারকে জানিয়েছেন যে, বর্তমান কর্মপন্থা মোটেও “কাজে দিচ্ছে না”। পরিস্থিতি সামাল দিতে তিনি অ্যান্ডি বার্নামকে পুনরায় পার্লামেন্টে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছে দলের অন্য এক সংসদ সদস্যও। গত সপ্তাহে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্ট তার দলের মন্ত্রিসভাকে এক চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মন্ত্রিসভার কেউ যদি স্টারমারকে চ্যালেঞ্জ না করেন, তবে তিনি নিজেই প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন।

এমন প্রেক্ষাপটে দলের কোনো সংসদ সদস্য যদি তার নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ বা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তাহলে কী করবেন— এই প্রশ্নে স্টারমার বারবার একই অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে আসছেন। বৃহস্পতিবারের নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পর থেকেই প্রধানমন্ত্রী নিজের নেতৃত্ব ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে

আরো পড়ুন

চরম আবহাওয়ার জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের ভবন, বাসযোগ্যতা হারাবে বহু শহরঃ রিপোর্ট

এপ্রিলে খুলে যেতে পারে যুক্তরাজ্যের পাব এবং রেস্তোঁরা

নিউজ ডেস্ক

প্রিন্স ফিলিপের সম্মানে যুক্তরাজ্যজুড়ে ‘গানস্যালুট’

অনলাইন ডেস্ক