TV3 BANGLA
চীনের জে১০সি যুদ্ধবিমান/ ফাইল ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

ভারতের আকাশসীমায় চীনা বিমানের অনুপ্রবেশের অভিযোগঃ উদ্বেগে দিল্লি

ভারতের সিকিমের আকাশসীমায় চীনের একটি সামরিক বিমান প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর ঘটা এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা দিলেও বিমানটি প্রায় ২০ থেকে ২৫ মিনিট ওই এলাকায় অবস্থান করে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। সূত্রটির দাবি, সকাল প্রায় ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী বিমানটির উপস্থিতি শনাক্ত করে। তখন এটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনী রেডিও বার্তার মাধ্যমে বিমানটিকে চীনের ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য একাধিকবার সতর্ক করে। তবে সতর্কবার্তার পরও বিমানটি ওই এলাকায় অবস্থান অব্যাহত রাখে বলে অভিযোগ করা হয়েছে। বিমানটির সুনির্দিষ্ট গতিপথ, কী ধরনের কার্যক্রম চালানো হয়েছে এবং কীভাবে সেটি ওই এলাকা ত্যাগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সিকিম ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল। এর কাছেই রয়েছে ভারত-চীন বিরোধপূর্ণ ডোকলাম মালভূমি। পাশাপাশি অঞ্চলটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত। এই করিডর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরের সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। ভারতের সামরিক যোগাযোগ, সেনা চলাচল এবং জাতীয় নিরাপত্তার জন্য এই করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয় কথিত আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। আউটলুক ইন্ডিয়া জানিয়েছে, তারা এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

চীনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ম্যাথ্রুভূমি ও নর্থইস্ট লাইভসহ কয়েকটি সংবাদমাধ্যমও ঘটনাটি প্রকাশ করেছে। তবে তাদের প্রতিবেদনেও মূলত আউটলুক ইন্ডিয়ার তথ্যের ওপর নির্ভর করা হয়েছে।

কথিত এ ঘটনায় ভারতের বিরোধী দল কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছে। দলটি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে চীনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার চীনকে এ ঘটনায় দায়মুক্তি দেবে না বলে আশা প্রকাশ করেছে দলটি। সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

২০১৭ সালে ডোকলাম সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘ ৭৩ দিনের অচলাবস্থা তৈরি হয়েছিল। সেই ঘটনার কারণে সিকিম সীমান্তবর্তী অঞ্চলটি বরাবরই দুই দেশের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ।

এবারের কথিত বিমান চলাচল নিয়েও নানা প্রশ্ন উঠেছে। কিছু প্রতিরক্ষা পর্যবেক্ষক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ২৫ হাজার ফুট উচ্চতায় একটি বিমান ২০ থেকে ২৫ মিনিট ‘একই জায়গায় অবস্থান’ করার বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ধারণা করা হচ্ছে, বিমানটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান কার্যক্রমে ব্যবহৃত কোনো উড়োজাহাজ অথবা ড্রোন হতে পারে। চুম্বি উপত্যকার কাছাকাছি এলাকায় এ ধরনের কার্যক্রম চালানোর সম্ভাবনাও আলোচনায় এসেছে।

সূত্রঃ ডিএনএ ইন্ডিয়া\ আউটলুক ইন্ডিয়া

এমকে

আরো পড়ুন

৬ মাসে কুয়েতে ৪২ হাজার নাগরিকত্ব বাতিল

মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান

চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন মারা গেছেন