TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে যুক্তরাষ্ট্রের আদালতে তলবঃ পাঠানো হলো সমন

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র’) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে তলব করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাদের কাছে এই সমন পাঠানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে তলবের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মামলার বাদী গুরপতবন্ত সিং পান্নুন। তিনি অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে ব্যবহার করে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এই কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করেছেন তিনি। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলসহ কয়েকজনকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পান্নুন ভারতের নিষিদ্ধ ঘোষিত শিখস ফর জাস্টিস (এসএফজে) সংগঠনের নেতা। ভারত সরকার তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং সংগঠনটিকে বেআইনি ঘোষণা করেছে। সংগঠনটির মূল লক্ষ্য ভারতের পাঞ্জাব অঞ্চলকে বিচ্ছিন্ন করে ‘খলিস্তান’ নামে একটি পৃথক শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও কানাডাসহ পশ্চিমা দেশগুলোতে সক্রিয় রয়েছে।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে পাঞ্জাবে খলিস্তান আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাত ও রক্তক্ষয়ী বিদ্রোহ চলেছিল। পরবর্তী সময়ে আন্দোলনটি ভারতের ভেতরে দুর্বল হয়ে পড়লেও এর বিভিন্ন নেতা ও সমর্থক বিদেশে অবস্থান নিয়ে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। পান্নুনের নেতৃত্বাধীন সংগঠনটির বিরুদ্ধে ভারতীয় কূটনীতিকদের লক্ষ্য করে সহিংসতা উসকে দেওয়া এবং ভারতে হামলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

পান্নুনের এই দেওয়ানি মামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পৃথক একটি ফৌজদারি তদন্ত। ওই তদন্তে যুক্তরাষ্ট্রে পান্নুনকে হত্যার পরিকল্পনার অভিযোগ সামনে আসে। মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা পান্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হওয়ার পর নিখিল গুপ্তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন অভিযোগে বলা হয়েছে, এই ষড়যন্ত্রের সঙ্গে বিকাশ যাদব নামের এক ব্যক্তি যুক্ত ছিলেন, যিনি ওই সময় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। চলতি নভেম্বরের শেষ দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করতে ভারত সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিকাশ যাদবের বিরুদ্ধেও ভারতে মামলা চলছে। তবে পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাটিকে ভারত সরকার অযৌক্তিক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

অজিত দোভালকে যুক্তরাষ্ট্রের আদালতে তলবের ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

সূত্রঃ ফার্স্টপোস্ট

এমকে

আরো পড়ুন

পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিলের ঘোষণা ইসরাইলের

শেখ হাসিনাকে কি ফেরত পাঠাচ্ছে ভারত?