TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি রজনীকান্তের সম্পত্তির অংশ পাবেনা পরিবার

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত মৃত্যুর পর তার সম্পত্তির একটি অংশ পরিবারের সদস্যদের পরিবর্তে সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত জানিয়েছেন। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করা এই সুপারস্টার তার সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ জনকল্যাণে উৎসর্গ করতে চান। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে তামিলনাড়ুর মানুষের প্রতি তার দীর্ঘদিনের কৃতজ্ঞতা এবং ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়ার ইচ্ছা।

চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি মৃত্যুর পর একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রজনীকান্ত। তার পরিকল্পনা অনুযায়ী, এই সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।

এমনকি এ সম্পত্তি থেকে তার পরিবারের সদস্যরা কোনো অর্থ পাবেন না বলেও জানিয়েছেন তিনি। রজনীকান্তের ভাষায়, তার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি একটি জনকল্যাণমূলক ট্রাস্টের কাছে চলে যাবে। সেখান থেকে প্রতিটি পয়সা ব্যয় করা হবে সেই মানুষদের জন্য, যারা দীর্ঘদিন ধরে তাকে ভালোবেসেছেন এবং তার পাশে থেকেছেন।

সম্পত্তি পরিবারের পরিবর্তে সাধারণ মানুষের জন্য রেখে যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় রজনীকান্ত বলেছেন, তামিলনাড়ুর মানুষই তার দীর্ঘ অভিনয়জীবনের মূল শক্তি। বছরের পর বছর দর্শকরা সিনেমার টিকিট কিনে তার চলচ্চিত্র দেখেছেন। তাদের ভালোবাসা, সমর্থন ও গ্রহণযোগ্যতার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।

তার বক্তব্য, টিকিটের দাম যতই হোক না কেন, তামিলনাড়ুর মানুষ সবসময় তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন। দর্শকদের এই সমর্থনকে তিনি নিজের জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেন। তাই জীবনের শেষ অধ্যায়ে তাদের জন্য কিছু রেখে যেতে চান।

রজনীকান্তের জীবনের গল্পও বেশ ব্যতিক্রমী। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। সেখান থেকে কঠোর পরিশ্রম, অভিনয় প্রতিভা এবং নিজস্ব জনপ্রিয়তার মাধ্যমে ভারতের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র তারকায় পরিণত হন।

চার দশকের বেশি সময় ধরে তামিল চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। শুধু তামিলনাড়ু নয়, ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। তার অভিনীত সিনেমা মুক্তি পেলেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

৭৫ বছর বয়সের কাছাকাছি এসেও চলচ্চিত্রে সক্রিয় রয়েছেন এই অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। তবে তার সাম্প্রতিক ঘোষণায় সম্পদের মালিকানা ও ভবিষ্যৎ ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চেন্নাইয়ের কোদামবাক্কামে প্রায় সোয়া একর জায়গাজুড়ে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপম রজনীকান্তের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি দীর্ঘদিন ধরে তার বিভিন্ন কার্যক্রম, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময়ও মানবিক কাজে ভবনটি ব্যবহার করেছিলেন রজনীকান্ত। সে সময় বন্যাদুর্গত মানুষ এবং ত্রাণকর্মীদের জন্য রাঘবেন্দ্র মণ্ডপমের দরজা খুলে দেওয়া হয়েছিল।

একপর্যায়ে ভবনটি ভেঙে সেখানে তিন তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত ভবনটি এখনো কোদামবাক্কামে বিদ্যমান রয়েছে।

সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস

এমকে

আরো পড়ুন

ইরানে ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দাঃ উত্তেজনায় উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য

নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়ে গাজাকে গোরস্থানে পরিণত করেছে ইসরায়েলঃ জাতিসংঘ

যুক্তরাষ্ট্র স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে নাঃ মার্কিন পররাষ্ট্র দপ্তর