TV3 BANGLA
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সতর্কতা জারিঃ মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার প্রস্তুতির পরামর্শ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে জর্ডানের আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে আরও অবনতি ঘটতে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত অঞ্চল ত্যাগের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১ আগস্ট প্রকাশিত এই নিরাপত্তা বার্তায় বলা হয়, চলমান অস্থিরতার কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা আগের ফ্লাইট সূচি পুনরায় চালু করার পরিকল্পনা স্থগিত করেছে এবং কিছু রুটে ফ্লাইট বাতিল করেছে। ফলে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা গুরুত্বসহকারে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যাদের ভ্রমণ জরুরি, তাদের বিমানবন্দর ও বিমান সংস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তা সতর্কতায় আরও বলা হয়, অতীতে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান এবং আমেরিকানদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

মার্কিন দূতাবাসের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান কোনো পূর্বঘোষণা বা উসকানি ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং আগে লক্ষ্যবস্তু না হওয়া অঞ্চল, যেমন মিসরেও হামলার পরিধি বিস্তৃত করেছে। তাই অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থে হামলা না হলেও ভবিষ্যতেও নিরাপত্তা নিশ্চিত থাকবে—এমনটি ধরে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটি এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাসহ জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস নাগরিকদের বিক্ষোভ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থানে অবস্থানের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

এদিকে, চলমান অস্থিরতার কারণে কয়েকটি পশ্চিমা দেশ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি বিবেচনা করতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করলেও, ৩ আগস্টের মধ্যে জর্ডানের আম্মান বা ইসরায়েলের তেল আবিবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অঞ্চল ত্যাগের কোনো আনুষ্ঠানিক নির্দেশ বা সরিয়ে নেওয়ার ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানিয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দূতাবাস দ্রুত যোগাযোগ করতে পারে এবং সর্বশেষ নিরাপত্তা তথ্য সরবরাহ করা সম্ভব হয়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভারত অষ্ট্রেলিয়া নতুন অভিবাসন চুক্তি

বিনামূল্যে ক্যান্সারের ভ্যাকসিন দেবে রাশিয়া

হেগসেথের সঙ্গে বিরোধ, পদত্যাগ করবেন না মার্কিন সেনাসচিব