18.8 C
London
September 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মাইগ্র্যান্টদের ৫ বছরের আইএলআর বহাল থাকছেঃ শাবানা মাহমুদের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার সময়সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিতর্কিত আর্নড সেটেলমেন্ট সংস্কারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ। তার অবস্থান পরিবর্তনের পেছনে লেবার দলের অভ্যন্তরে মন্ত্রী ও এমপিদের চাপ রয়েছে বলে জানিয়েছে দ্য ডেইলি ড্যাজলিং ডন।

লিভারপুলে অনুষ্ঠিত লেবার পার্টির সম্মেলনে শাবানা মাহমুদ মাইগ্র্যান্টদের স্থায়ী বসবাসের নিয়ম নিয়ে সরকারের পরিকল্পনায় পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান কর্মীদের ক্ষেত্রে পাঁচ বছরের আইএলআর পথটি কীভাবে রাখা যায়, তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে।

বর্তমানে নির্দিষ্ট শর্ত পূরণকারী অনেক দক্ষ কর্মী পাঁচ বছর যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসের পর আইএলআরের জন্য আবেদন করার সুযোগ পান। তবে প্রস্তাবিত আর্নড সেটেলমেন্ট ব্যবস্থায় অধিকাংশ মাইগ্র্যান্টের জন্য এই সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতের কিছু কর্মীর ক্ষেত্রে অপেক্ষার সময় আরও দীর্ঘ—১৫ বছর পর্যন্ত হতে পারে।

এই সংস্কারের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—যেসব মাইগ্র্যান্ট ইতোমধ্যে পাঁচ বছরের আইএলআর পথ ধরে যুক্তরাজ্যে এসেছেন, নতুন নিয়ম তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না।

১৫ সেপ্টেম্বর হোম অ্যাফেয়ার্স কমিটিতে দেওয়া বক্তব্যে শাবানা মাহমুদ নিশ্চিত করেছিলেন যে সরকারের প্রস্তাবে সাধারণ আইএলআর যোগ্যতার সময় পাঁচ বছর থেকে ১০ বছর করার পরিকল্পনা রয়েছে। তবে একই সঙ্গে নতুন ব্যবস্থায় ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট বা পরিবর্তনকালীন ব্যবস্থা নিয়ে কাজ চলছে বলেও জানানো হয়েছিল।

এর ফলে ইতোমধ্যে যুক্তরাজ্যে থাকা মাইগ্র্যান্টদের জন্য পাঁচ বছরের পথ পুরোপুরি বাতিল হবে কি না, সেটি এখনো চূড়ান্ত নয়।

শাবানা মাহমুদের পরিকল্পনা নিয়ে লেবার দলের ভেতরে মতবিরোধ তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক সেবাখাতে কর্মরত মাইগ্র্যান্টদের ১৫ বছর পর্যন্ত অপেক্ষা করানোর প্রস্তাব নিয়ে একাধিক এমপি ও ট্রেড ইউনিয়ন আপত্তি জানিয়েছে।

ইউনিসন জানিয়েছে, কেয়ার কর্মী, এনএইচএস কর্মী এবং কম বেতনভুক্ত সরকারি সেবাখাতের কর্মীদের পাঁচ বছরের সেটেলমেন্ট পথ বহাল রাখা উচিত।

এদিকে লেবার সরকারের কমিউনিটিজ সেক্রেটারি অ্যাঞ্জেলা রেনারও ইতোমধ্যে বলেছেন, যারা বিদ্যমান নিয়মের ভিত্তিতে যুক্তরাজ্যে এসে জীবন গড়ে তুলেছেন, তাদের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করে অপেক্ষার সময় বাড়ানো নিয়ে তিনি উদ্বিগ্ন।

তবে পাঁচ বছরের আইএলআর পথ সব মাইগ্র্যান্টের জন্য বহাল রাখা হবে—এমন কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন, সরকারের নতুন আর্নড সেটেলমেন্ট নীতির চূড়ান্ত সিদ্ধান্ত চলতি বছরের শেষ দিকে জানানো হবে। সরকার এর আগে জানিয়েছে, নতুন ব্যবস্থায় মাইগ্র্যান্টদের যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ তাদের অর্থনৈতিক অবদান, চরিত্র, সংযুক্তি ও অন্যান্য শর্তের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

অতএব, বর্তমানে পাঁচ বছরের আইএলআর নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে চূড়ান্ত নিয়ম পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে না। বরং ইতোমধ্যে যুক্তরাজ্যে থাকা মাইগ্র্যান্টদের জন্য কী ধরনের ট্রানজিশনাল ব্যবস্থা রাখা হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

সূত্রঃ দ্য ডেইলি ড্যাজলিং ডন\ হোম অ্যাফেয়ার্স কমিটি/ ইউনিসন

এম.কে

আরো পড়ুন

লন্ডনের বিভিন্ন এলাকায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি

অনলাইন ডেস্ক

হোম অফিসের ভুল রেফারেলঃ আইনি পদক্ষেপের হুমকি সলিসিটর শাহিন মামুনের

বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নির্দেশনা জারি করল যুক্তরাজ্য