13.7 C
London
May 20, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায়

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান।

শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছেন, ইরান কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় বা টোল মওকুফের ব্যবস্থা করেছে। তবে ভবিষ্যতে এই নীতি অপরিবর্তিত থাকবে কি না, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।

রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধাগুলো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধুদেশগুলোর তালিকা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।

কিছুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক জাহাজ মালিক ও বিভিন্ন দেশ তাদের সাথে যোগাযোগ করছে যাতে তারা নিরাপদে এই প্রণালি অতিক্রম করতে পারে। সেই সময় তিনি জানিয়েছিলেন, ইরান যাদের বন্ধু মনে করে অথবা বিশেষ অনুমতি দেয়, তাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।

সেই তালিকায় বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির বিচারে এই দেশগুলো আগের অবস্থানে আছে কি না বা সব দেশ এই সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সংবেদনশীল নৌপথ। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ পথটি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল প্রবাহিত হতো, যা বৈশ্বিক চাহিদার প্রায় এক পঞ্চমাংশ। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ইতিমধ্যে ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, ইরান প্রথমবারের মতো প্রণালিটি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

অর্থাৎ ইরান একই সঙ্গে দুটি কৌশল অবলম্বন করছে। একদিকে তারা কিছু দেশের কাছ থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করছে, অন্যদিকে তাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য মাশুল মওকুফ করে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করছে।

সূত্রঃ মিডল ইস্ট আই

এম.কে

আরো পড়ুন

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলি বিরোধীরা

সৌদিতে উন্মুক্ত হলো বিশ্বের উচ্চতম ঝুলন্ত মসজিদ