TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আর্নড সেটেলমেন্টের নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এসএমএ

যুক্তরাজ্যে অনির্দিষ্টকালীন বসবাসের অনুমতি (আইএলআর) পেতে পাঁচ বছরের যোগ্যতার সময়সীমা বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের প্রস্তুতি নিয়েছে স্কিল মাইগ্র্যান্টস অ্যালায়েন্স। বিষয়টি প্রথম প্রকাশ করে স্কটল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালে।
নতুন সংগঠনটি নিজেদেরকে যুক্তরাজ্যজুড়ে দক্ষ অভিবাসী ও তাদের পরিবারের প্রতিনিধিত্বকারী কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগ হিসেবে পরিচয় দিয়েছে। তাদের দাবি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কর্মরত প্রায় ১৬ লাখ কর্মী, ব্যবসা ও ব্যক্তির স্বার্থ রক্ষায় তারা কাজ করছে।
সরকারের প্রস্তাবিত “আর্নড সেটেলমেন্ট” নীতির আওতায় বর্তমানে পাঁচ বছরে আইএলআর পাওয়ার সুযোগ বাড়িয়ে দশ বছর বা সম্ভাব্যভাবে পনেরো বছরে উন্নীত করার চিন্তাভাবনা চলছে।

স্কিল মাইগ্র্যান্টস অ্যালায়েন্সের যুক্তি, যারা বিদ্যমান নিয়মে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তারা পাঁচ বছরের মধ্যেই স্থায়ী বসবাসের সুযোগ পাবেন— এমন বৈধ প্রত্যাশা নিয়েই এসেছিলেন। এখন সেই শর্ত পূর্বপ্রযোজ্যভাবে পরিবর্তন করা হলে তা অন্যায্য হবে এবং হাজারো পরিবারের ওপর আর্থিক ও মানসিক অনিশ্চয়তা সৃষ্টি করবে।

আইনি লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনটি অভিবাসন ও জনআইন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান কিংসলে নেপলি এলএলপিকে নিয়োগ দিয়েছে। পাশাপাশি গার্ডেন কোর্ট চেম্বার্সের জ্যেষ্ঠ ব্যারিস্টার সোনালি নায়েককে আনুষ্ঠানিক আইনি মতামত প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মতামতের ভিত্তিতে হোম অফিসে প্রি-অ্যাকশন প্রোটোকল চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটির ভাষ্য, “আমরা সেরা আইনি পরামর্শ নিশ্চিত করেছি। এর মাধ্যমে হোম অফিসকে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে— আমরা প্রস্তুত, পেশাদার এবং ঐক্যবদ্ধ।” ইতোমধ্যে অনলাইন তহবিল সংগ্রহ প্ল্যাটফর্ম ক্রাউড জাস্টিসে পরিচালিত ক্যাম্পেইনের মাধ্যমে প্রাথমিক আইনি ব্যয়ের জন্য ২৫ হাজার পাউন্ড সংগ্রহ সম্পন্ন হয়েছে।

গত সপ্তাহে হোম অফিসের আর্নড সেটেলমেন্ট সংস্কার সংক্রান্ত জনপরামর্শ প্রক্রিয়া শেষ হয়েছে। এতে যোগ্যতার সময়সীমা বৃদ্ধি ও স্থায়ী বসবাসের ক্ষেত্রে অতিরিক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব নিয়ে মতামত আহ্বান করা হয়। সরকার জানিয়েছে, পরামর্শের প্রতিক্রিয়ার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনীয় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নির্ধারণ করা হবে।

নভেম্বরে প্রকাশিত নীতিগত বিবৃতি এ ফেয়ারার পাথওয়ে টু সেটেলমেন্ট-এ স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ স্পষ্ট করেন যে, প্রস্তাবিত পরিবর্তন ইতোমধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত কিন্তু এখনো আইএলআর না পাওয়া ব্যক্তিদের ওপরও প্রযোজ্য হতে পারে। তিনি বলেন, অনির্দিষ্টকালীন থাকার আবেদন যে সময় করা হয়, সেই সময়কার কার্যকর নিয়ম অনুযায়ীই তা মূল্যায়ন করা হয়— প্রবেশের সময়কার নিয়ম অনুযায়ী নয়। তার ভাষায়, এই নীতি দীর্ঘদিন ধরেই কার্যকর এবং আদালতেও বহাল রয়েছে।

স্কিল মাইগ্র্যান্টস অ্যালায়েন্স জানিয়েছে, সরকার পরামর্শের ফলাফল প্রকাশ ও আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা দেওয়ার পর তারা পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে। প্রয়োজন হলে জুডিশিয়াল রিভিউ আবেদন করা হবে। সংগঠনটির লক্ষ্য, বিদ্যমান অভিবাসীদের পাঁচ বছরের সেটেলমেন্ট রুট সম্পর্কিত বৈধ প্রত্যাশা যেন আইনগতভাবে সুরক্ষিত থাকে।

সূত্রঃ ই আই এন

এম.কে

আরো পড়ুন

এবছর থেকে যুক্তরাজ্যে ভারতীয়দের থাকা ও কাজের সুযোগ বাড়ছে

রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ১

হাসপাতালের টয়েলেটে সন্তান জন্ম দিলেন লন্ডনের শিক্ষার্থী