12.7 C
London
October 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইসলামপন্থীদের নামে ইমেইলে স্কুলে বোমা মারার হুমকিঃ তদন্তে যুক্তরাজ্যের পুলিশ

যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের শত শত স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তার কারণে বেশ কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে হুমকিগুলো ভুয়া বলে ধারণা করছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল–এর প্রতিবেদন অনুযায়ী, নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানিয়েছে, প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে হুমকিমূলক ইমেইল পাঠানো হয়ে থাকতে পারে। ইমেইলগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষামন্ত্রী পল গিভান জানান, ইমেইলে ‘আল্লাহু আকবার’ লেখা ছিল। পাশাপাশি, ইসলামপন্থীদের পরিচয়ে দেশে শরিয়াহ আইন চালুর হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একটি ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে বলেও ইমেইলে দাবি করা হয়েছিল।

পল গিভান বলেন, প্রাথমিকভাবে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য বলে মনে করা হচ্ছে না। তবে এ ধরনের বার্তা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানান।

স্কটল্যান্ডেও একই ধরনের হুমকিমূলক ইমেইল পাওয়ার কথা জানিয়েছে পুলিশ স্কটল্যান্ড। গ্লাসগো সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, শহরের ১৪৮টি স্থাপনায় এ ধরনের বার্তা পৌঁছেছে বলে তারা জানতে পেরেছে।

গ্লাসগোর কয়েকটি স্কুল থেকে সকালে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হলেও পরে তাদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কাউন্সিলের একজন মুখপাত্র জানান, শিক্ষার্থীরা বর্তমানে শ্রেণিকক্ষে রয়েছে এবং তাদের লকডাউনে রাখা হয়নি।

স্কটল্যান্ডের কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। এডিনবরার কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত না থাকলেও কর্মরত কর্মীদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্কটিশ বর্ডারস এলাকার কয়েকটি স্কুলও হুমকিমূলক বার্তা পাওয়ার কথা জানিয়েছে।

স্কটিশ সরকার জানিয়েছে, স্কটল্যান্ডসহ যুক্তরাজ্যের অন্যান্য এলাকায় স্কুলগুলোতে পাঠানো হুমকির বিষয়ে তারা অবগত রয়েছে। পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে এবং আপাতত বার্তাগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করছে।

পুলিশের তদন্ত চলমান থাকায় হুমকির পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা এবং শিক্ষার্থী ও পরিবারের মধ্যে উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

ভুলভাবে বিদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে লাইসেন্স হারিয়েছে ১০০ এর বেশি কেয়ারহোম

নিউজ ডেস্ক

স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর কিয়ার স্টারমারের বিরুদ্ধে বিদ্রোহ, একের পর এক মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যে সকল ধরনের বেনিফিট বাড়ার ঘোষণা দিয়েছে সরকার