TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কর্মহীন তরুণদের জন্য নতুন দিগন্তঃ ছয় মাসের প্রশিক্ষণে স্টোর ম্যানেজার হওয়ার সুযোগ

কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস)। প্রতিষ্ঠানটি “নট জাস্ট এনি ক্যারিয়ার” নামে একটি কর্মসূচির আওতায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডজুড়ে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য ১,০০০টি প্রশিক্ষণভিত্তিক চাকরির সুযোগ সৃষ্টি করবে।

নতুন এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন হবে না। বরং নেতৃত্বের দক্ষতা, বাস্তব কর্ম-অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের সুযোগের ওপর গুরুত্ব দেওয়া হবে। এমঅ্যান্ডএস-এর বর্তমান কর্মীদের পাশাপাশি বাইরের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট মেশিন বলেন, একটি সাধারণ খণ্ডকালীন চাকরিও একজন তরুণের জীবন বদলে দিতে পারে। তিনি নিজেও ১৬ বছর বয়সে শপিং ট্রলি ঠেলার কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন।

অ্যালান মিলবার্নের উদ্যোগে প্রকাশিত এক ব্লগে স্টুয়ার্ট মেশিন বলেন, “একটি পার্টটাইম চাকরি একজন তরুণের জীবন বদলে দিতে পারে। আমি সেটা জানি, কারণ এটি আমার জীবন বদলে দিয়েছে। কিন্তু আজকের তরুণদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথা ভাবলে আমি উদ্বিগ্ন হই যে, অনেকেই হয়তো একই ধরনের সুযোগ পাবে না। অথচ এমনটা হওয়ার প্রয়োজন নেই। আমরা আরও অনেক কিছু করতে পারি, যাতে তারা সুযোগ, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে এবং ভালো চাকরিতে প্রবেশ করতে পারে।”

সম্প্রতি প্রকাশিত অ্যালান মিলবার্নের “ইয়াং পিপল অ্যান্ড ওয়ার্ক রিভিউ”-এর অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। অর্থাৎ প্রতি আটজন তরুণের মধ্যে প্রায় একজন এই অবস্থায় রয়েছে। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ২০৩০ সালের মধ্যে এই হার বেড়ে প্রতি ছয়জনে একজন হতে পারে।

এমঅ্যান্ডএস জানিয়েছে, কর্মসূচির আওতায় নির্বাচিত অংশগ্রহণকারীরা ছয় মাসের প্রশিক্ষণ পাবেন। এ সময় প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্টোরভিত্তিক সহকর্মীরা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। এতে খুচরা বিক্রয় ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং গ্রাহকসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা পরবর্তী ধাপের উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে এমঅ্যান্ডএস-এর স্টোর ম্যানেজার হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমঅ্যান্ডএস-এর খুচরা বিক্রয় বিভাগের পরিচালক থিনাস কিভ বলেন, “খুচরা বিক্রয় এমন একটি পেশা, যেখানে অল্প বয়সেই কাজ শুরু করা যায়, দ্রুত শেখা যায় এবং খুব তাড়াতাড়ি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা সম্ভব। আমরা চাই তরুণরা এটিকে শুধু প্রথম চাকরি হিসেবে নয়, বরং দায়িত্ব, অগ্রগতি এবং সম্ভাবনাময় একটি দীর্ঘমেয়াদি পেশা হিসেবে দেখুক। এখানে সফল হওয়ার জন্য ডিগ্রি নয়, প্রয়োজন ইতিবাচক মনোভাব, উদ্যম, অধ্যবসায় এবং শেখার আগ্রহ।”

এই উদ্যোগটি এমঅ্যান্ডএস-এর দীর্ঘদিনের সামাজিক কর্মসূচি “মার্কস অ্যান্ড স্টার্ট”-এর পরিপূরক হিসেবে কাজ করবে। দ্য কিংস ট্রাস্ট-এর সঙ্গে যৌথভাবে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে গত দুই দশকে ১৪ হাজারের বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

এছাড়া রাজা তৃতীয় চার্লস, স্যার গ্যারেথ সাউথগেট এবং স্টুয়ার্ট মেশিন সম্প্রতি তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টির লক্ষ্যে নতুন একটি প্রচারণা শুরু করেছেন। এর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে, যা ২০২৭ সালের শুরুতে আত্মপ্রকাশ করবে। প্রতিকূল পরিস্থিতিতে থাকা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং স্থায়ী কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে।

আগামী ২৭ জুলাই থেকে “নট জাস্ট এনি ক্যারিয়ার” কর্মসূচির জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৮ মাসে ধাপে ধাপে ১,০০০ জনকে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং সুযোগের স্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

সূত্রঃ এম এন্ড এস

এম.কে

আরো পড়ুন

লন্ডনে ‘কিল দ্য বিল’ বিক্ষোভে শতাধিক গ্রেপ্তার

আরও এক হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হলেন ‘সিরিয়াল বেবি কিলার’ লুসি

হুতিদের সাথে শত্রুতায় মন্দার শঙ্কা যুক্তরাজ্যে