যুক্তরাজ্যে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের চিকিৎসাসেবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে দেশটির স্বাস্থ্য ও সামাজিক সেবা নিয়ন্ত্রক সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশনের (সিকিউসি) বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে একটি অভিভাবক সংগঠন।
ট্রান্সজেন্ডার সন্তানদের অভিভাবকদের নিয়ে গঠিত বেইজওয়াটার সাপোর্ট গ্রুপ (বিএসজি) অভিযোগ করেছে, প্রাপ্তবয়স্কদের জেন্ডার ক্লিনিকগুলোর চিকিৎসাসেবায় গুরুতর নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি সিকিউসি।
গত অক্টোবরে সংস্থাটির কাছে পাঠানো এক আইনি চিঠিতে বিএসজি বলেছে, স্বাস্থ্য ও সামাজিক সেবা গ্রহণকারীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ সুরক্ষায় সিকিউসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এনএইচএস ইংল্যান্ড এবং সংশ্লিষ্ট ক্লিনিকগুলোর কাছ থেকে তথ্য পাওয়ার পরও সংস্থাটি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত চিকিৎসক ডেভিড লেভির একটি পর্যালোচনা প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের জেন্ডার ক্লিনিকগুলোর কার্যক্রম পরীক্ষা করা হয়। এতে রোগীদের নিরাপত্তা পর্যবেক্ষণে অগ্রহণযোগ্য ঘাটতির বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে সংশ্লিষ্ট সব সেবাকেন্দ্রের কার্যক্রমে অবিলম্বে উন্নতি আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়।
লেভির পর্যালোচনায় অন্তর্ভুক্ত নয়টি ক্লিনিকের মধ্যে মাত্র একটিতে নিয়মিত পরিদর্শন করেছে বলে জানিয়েছে সিকিউসি। তবে বাকি আটটি ক্লিনিক পরিদর্শন করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
গত ৫ নভেম্বর বিএসজিকে পাঠানো জবাবে সিকিউসি একটি ক্লিনিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে। তবে অন্য ক্লিনিকগুলোর নিরাপত্তা ঘাটতি নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানায়নি।
এ পরিস্থিতিতে সংগঠনটির আইনজীবীরা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন।
সিকিউসির দাবি, ডেভিড লেভির পর্যালোচনায় চিহ্নিত ঝুঁকিগুলো এনএইচএস ইংল্যান্ডের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করার কথা ছিল। অন্যদিকে এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, পর্যালোচনার আওতায় থাকা নয়টি ক্লিনিকের মধ্যে আটটিতে তাদের সঙ্গে সিকিউসির একজন প্রতিনিধি উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবার মান নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর তদারকিও সিকিউসির ওপর থাকবে।
বেইজওয়াটার সাপোর্ট গ্রুপের এক মুখপাত্র বলেন, লেভি পর্যালোচনায় যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের জেন্ডার ক্লিনিকগুলোর পরিচালনায় উল্লেখযোগ্য দুর্বলতা উঠে এসেছে। প্রতিটি সেবাকেন্দ্রের কার্যক্রমে অবিলম্বে উন্নতি প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনটি এমন অনেক অভিভাবকের প্রতিনিধিত্ব করছে, যাদের সন্তানদের বয়স এখন ১৮ বছরের বেশি এবং তারা এসব ক্লিনিকের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল। অথচ এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের ঘাটতি রয়েছে।
তার প্রশ্ন, ইংল্যান্ডের স্বাস্থ্য ও সামাজিক সেবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউসি যদি এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে না চায়, তাহলে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?
অন্যদিকে সিকিউসির এক মুখপাত্র বলেছেন, সংস্থাটির নিবন্ধিত সব স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকে। কোথাও প্রত্যাশিত মানের নিচে চিকিৎসাসেবা পাওয়া গেলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসাসেবার মান নিয়ে কারও অভিযোগ থাকলে তা সংস্থাকে জানানোর আহ্বানও জানিয়েছে সিকিউসি।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

