TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ

যুক্তরাজ্যে সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের ক্ষমতাকে ‘চরম ও গোপন’ আখ্যা দিয়ে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে—এই ক্ষমতার অপব্যবহারে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত লাখো ব্রিটিশ নাগরিক গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন।

রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি ক্ষমতার আওতায় প্রায় ৯০ লাখ মানুষ—যা যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ—নাগরিকত্ব হারানোর সম্ভাবনার মধ্যে রয়েছেন। বিশেষ করে যাদের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত যোগসূত্র আছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান আইনে সরকার মনে করলে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারে—যদি তাকে অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার ‘যোগ্য’ বলে বিবেচনা করা হয়। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তি সেই দেশে কখনো বসবাস না করলেও এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

অধিকারকর্মীদের মতে, এই আইনি কাঠামো মুসলিম সম্প্রদায়ের জন্য পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে এবং নাগরিকত্বের ক্ষেত্রে কার্যত বর্ণভিত্তিক বৈষম্য তৈরি করছে। রিপ্রিভের কর্মকর্তা মায়া ফোয়া সতর্ক করে বলেন, ভবিষ্যতে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় এলে এই ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি আরও বাড়বে।

রানিমিড ট্রাস্টের পরিচালক শাবনা বেগম বলেন, নাগরিকত্ব কোনো সুযোগ নয়—এটি একটি মৌলিক অধিকার। কিন্তু একের পর এক সরকার দ্বিস্তরের নীতি চালু করে এমন নজির তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে নাগরিক অধিকারকে দুর্বল করে দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর পাঁচজনের মধ্যে তিনজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে থাকলেও শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে অনেক কম। সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর তালিকায় ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা শীর্ষে রয়েছেন।

সূত্রঃ মিডল ইস্ট আই

এম.কে

আরো পড়ুন

নারী শিক্ষায় বড় ধাক্কাঃ আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মেয়েদের জন্য যুক্তরাজ্যের শিক্ষা প্রকল্প বাতিল

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আর সামগ্রিক প্রতিবাদ নিষেধাজ্ঞা নয়ঃ অফিস ফর স্টুডেন্টস

ব্রিটেনে গ্রিন পার্টির উত্থান, প্রচলিত দুই দলে ভাঙনে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব