18.8 C
London
September 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নেটফ্লিক্স, ইউটিউব ব্যবহারকারীদের জন্য £১৮০ লাইসেন্স ফি সংস্কারের দাবি

যুক্তরাজ্যে বিবিসির বার্ষিক টিভি লাইসেন্স ফি ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে বছরে প্রায় £১৮০ ফি দিয়ে বিবিসির সেবা ব্যবহারের ব্যবস্থা থাকলেও, ভবিষ্যতে এটি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিবিসির মহাপরিচালক ম্যাট ব্রিটিন।

ব্রিটিন বলেছেন, বর্তমান লাইসেন্স ফি ব্যবস্থা “উদ্দেশ্য পূরণের জন্য আর উপযুক্ত নয়”। তার মতে, দর্শকরা এখন যেসব প্ল্যাটফর্মে বেশি সময় কাটান, বিবিসির কনটেন্ট সেসব জায়গাতেও সহজলভ্য হওয়া উচিত।

বিবিসির Sunday with Laura Kuenssberg অনুষ্ঠানে তিনি বলেন, নেটফ্লিক্স, ইউটিউব, টিকটক, স্পটিফাই ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিবিসির কনটেন্ট থাকা উচিত। বিশেষ করে ভুল তথ্য মোকাবিলায় বিবিসির সংবাদ কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

ব্রিটিন বলেন, বর্তমান লাইসেন্স ফি ব্যবস্থা বিবিসিকে পিছিয়ে দিচ্ছে। তার ভাষায়, যদি সবার জন্য একটি বিবিসি রাখা হয়, তাহলে সেটির অর্থায়নও সবার মাধ্যমে হওয়া উচিত।

বর্তমান নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি দেখা, যেকোনো সেবায় লাইভ টিভি দেখা কিংবা BBC iPlayer ব্যবহার করতে টিভি লাইসেন্স প্রয়োজন।

তবে লাইসেন্স ফি পরিশোধকারী পরিবারের হার কমে বর্তমানে প্রায় ৮০ শতাংশে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে বিবিসির পাবলিক-সার্ভিস বিভাগের নগদ মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে। দ্য গার্ডিয়ান-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে যেখানে এই নগদ মজুত ছিল £৩৬৯ মিলিয়ন, গত অর্থবছরে তা কমে £১২৫ মিলিয়নে দাঁড়িয়েছে।

এন্ডার্স অ্যানালাইসিসের বিশ্লেষক অ্যাবি ওয়াটসন বলেছেন, নগদ মজুত কমে যাওয়া বিবিসির আর্থিক সুরক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলা চাপের অংশ।

এদিকে, নতুন চার্টার নিয়ে ব্রিটেনের সরকার বিবিসির অর্থায়ন ব্যবস্থা সংস্কারের বিষয়টি পর্যালোচনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে লিসা ন্যান্ডিকে দায়িত্ব দিয়েছেন এবং পরবর্তী চার্টার তদারকিতে তার ভূমিকা থাকবে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ\বিবিসি

এম.কে

আরো পড়ুন

নেতৃত্ব নিয়ে আস্থাহীনতার মেঘঃ লেবার সংকটে ‘শেষ সুযোগ’-এর বার্তা লেবার নেত্রী রেইনারের

যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রিন্স হ্যারিকে কটাক্ষ করে ট্র‍্যাম্পের বক্তব্য নিয়ে জন্ম নিয়েছে আলোচনা